ফরিদপুরের আলফাডাঙ্গায় তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের মামলায় আকিদুল শেখ নামে ২৬ বছর বয়সী এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে ফরিদপুরের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মো. আবুল বাশার মিঞা এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আকিদুল শেখ আলফাডাঙ্গা উপজেলার নওয়াপাড়া গ্রামের সেলিম শেখের ছেলে।
মামলার নথি অনুযায়ী, ২০২১ সালের ২০ জুন সকাল ১০টার দিকে বিদ্যালয়ে যাওয়ার পথে ওই শিশুকে রাস্তার জলাবদ্ধতা পার করে দেওয়ার কথা বলে কোলে তুলে নেন আকিদুল। পরে তাকে পাশের একটি বাঁশবাগানে নিয়ে ধর্ষণ করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান তিনি।
পরিবারের সদস্যরা শিশুটিকে উদ্ধার করে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় পরদিন শিশুটির বাবা আলফাডাঙ্গা থানায় মামলা করেন। পরে পুলিশ আকিদুলকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। মামলাটির তদন্তের দায়িত্বে ছিলেন উপপরিদর্শক সুজন বিশ্বাস। তদন্ত শেষে ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি তিনি আদালতে অভিযোগপত্র জমা দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ও শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন জানান, মামলায় ১৮ জন সাক্ষীর সাক্ষ্য এবং আদালতে উপস্থাপিত প্রমাণ পর্যালোচনা করে এ রায় দেওয়া হয়েছে।

