সরকারি কর্মচারী হাসপাতালের হেলথ কার্ড সংগ্রহের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করা হয়েছে। সরকারি কর্মকর্তা-কর্মচারী, তাঁদের নির্ভরশীল ব্যক্তি, মুক্তিযোদ্ধা এবং বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের অনলাইনে নিবন্ধন, প্রোফাইল হালনাগাদ ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। পরিচয় ও তথ্য যাচাই শেষে প্রোফাইল ‘ভেরিফায়েড’ হলে হাসপাতালের নির্ধারিত কক্ষ থেকে কার্ড সংগ্রহ করা যাবে।

গত ১১ অক্টোবর সরকারি কর্মচারী হাসপাতাল কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা জানায়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, হেলথ কার্ড পেতে প্রথমে হাসপাতালের এইচএসএমএস সফটওয়্যারে অনুমোদিত প্রোফাইলের তথ্য হালনাগাদ করতে হবে। এরপর হেলথ কার্ডের নিবন্ধন ফরম ডাউনলোড করে পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় নথি ও প্রমাণক অনলাইনে আপলোড করতে হবে।

হাসপাতাল কর্তৃপক্ষ পরিচয় ও তথ্য যাচাই করে প্রোফাইলের অবস্থা ‘ভেরিফায়েড’ করার পর যেকোনো কর্মদিবসে নির্ধারিত কক্ষ থেকে হেলথ কার্ড নেওয়া যাবে।

চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্টে নতুন নিয়ম

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, চিকিৎসকের পরামর্শ নিতে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া বাধ্যতামূলক। এ জন্য হাসপাতালের এইচএসএমএস সফটওয়্যার ব্যবহার করতে হবে।

কোনো রোগী অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পর পরপর দুবার চিকিৎসকের কাছে অনুপস্থিত থাকলে এবং আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট বাতিল না করলে তাঁর ইউজার আইডি স্বয়ংক্রিয়ভাবে নিষ্ক্রিয় হয়ে যাবে। ফলে ওই আইডি দিয়ে পরবর্তী সময়ে নতুন অ্যাপয়েন্টমেন্ট নেওয়া সম্ভব হবে না।

এ ছাড়া পরীক্ষার প্রতিবেদন পাওয়ার তারিখ থেকে সাত দিনের মধ্যে রিপোর্ট কাউন্টার থেকে চিকিৎসকের পরামর্শের জন্য অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাবে।

নতুন রোগীদের নিবন্ধন অনলাইনে

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন রোগীদের নিবন্ধনের পুরো প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করতে হবে। এ জন্য হাসপাতালের ওয়েবসাইট www.skh.gov.bd-এর ‘আমার প্রোফাইল’ অপশন ব্যবহার করতে হবে।

অনলাইনে নিবন্ধন সম্পন্ন করার পর সরকারি কর্মকর্তা-কর্মচারী, তাঁদের নির্ভরশীল ব্যক্তি, মুক্তিযোদ্ধা ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের প্রয়োজনীয় প্রমাণক এবং মূল কাগজপত্রসহ হাসপাতালের ৪২৪ ও ৪২৫ নম্বর কক্ষে যোগাযোগ করতে হবে। সেখানে নিবন্ধন অনুমোদনের প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করা হবে।

নিবন্ধন, প্রোফাইল হালনাগাদ কিংবা অন্যান্য বিষয়ে সহায়তা পেতে হাসপাতালের আইটি তথ্যকেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

Share.
Leave A Reply

Exit mobile version