ভারতের দিল্লিতে যন্তর মন্তরে বিক্ষোভ করার নতুন তারিখ নির্ধারণের দাবিতে পুলিশকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। নির্ধারিত সময়ের মধ্যে পুলিশের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত না জানানো হলে পরবর্তী আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির নেতারা।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, সোমবার (১২ অক্টোবর) সিজেপির সহ-সমন্বয়ক আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাস পার্লামেন্ট স্ট্রিট থানায় যান। সেখানে তারা যন্তর মন্তরে বিক্ষোভ আয়োজনের জন্য নতুন তারিখ নির্ধারণের বিষয়ে পুলিশের কাছে দাবি জানান।

এ সময় আশুতোষ রাঙ্কা বলেন, যন্তর মন্তর বিক্ষোভের জন্য নির্ধারিত স্থান। সেখানে তারা কবে কর্মসূচি পালন করতে পারবেন, তা জানতে পুলিশের সঙ্গে যোগাযোগ করেছেন। আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিক্ষোভের সুযোগ ও তারিখ সম্পর্কে স্পষ্ট সিদ্ধান্ত জানাতে হবে। অন্যথায় পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

এর আগে গত ১০ অক্টোবর যন্তর মন্তরে সিজেপির বিক্ষোভ কর্মসূচির অনুমতি দেয়নি দিল্লি পুলিশ। আয়োজকদের আবেদনে পর্যাপ্ত সময় না থাকা, আগের কর্মসূচিতে নিয়ম ভঙ্গের অভিযোগ এবং জননিরাপত্তা, যান চলাচল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের কথা উল্লেখ করে অনুমতি প্রত্যাখ্যান করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রস্তাবিত কর্মসূচির বিষয়ে তাদের ৭ অক্টোবর অবহিত করা হয়েছিল। অর্থাৎ, বিক্ষোভের মাত্র তিন দিন আগে আবেদন জানানো হয়। অথচ প্রচলিত নিয়ম অনুযায়ী, এ ধরনের কর্মসূচির অনুমতি পেতে অন্তত ১০ দিন আগে আবেদন জমা দেওয়ার কথা।

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এই বিক্ষোভ আয়োজনের পরিকল্পনা করেছিল সিজেপি। ভোটার তালিকা সংশোধন কার্যক্রম বা এসআইআর নিয়ে কথিত অনিয়মের প্রতিবাদে দলটির চলমান আন্দোলনের অংশ ছিল কর্মসূচিটি।

এদিকে, সিজেপির আগের বিক্ষোভগুলোর বিষয়ও সামনে এনেছে দিল্লি পুলিশ। পুলিশের অভিযোগ, অতীতে দলটির একটি কর্মসূচি নির্ধারিত সময়ের পরও চলেছিল। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়।

এখন নতুন করে বিক্ষোভের তারিখ নির্ধারণে পুলিশ কী সিদ্ধান্ত নেয়, সেদিকেই নজর রয়েছে সিজেপি নেতাদের। নির্ধারিত সময়ের মধ্যে সাড়া না পেলে দলটি পরবর্তী পদক্ষেপ ঘোষণা করতে পারে।

Share.
Leave A Reply

Exit mobile version