ইয়েমেনের তায়েজ প্রদেশের আকাশে সৌদি আরবের মালিকানাধীন একটি সশস্ত্র ড্রোন ধ্বংস করার দাবি করেছে হুথি বাহিনী। তাদের দাবি, তুরস্কে তৈরি ওই ড্রোনটি উপযুক্ত একটি অস্ত্রের মাধ্যমে আকাশ থেকে নামিয়ে আনা হয়েছে।
হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে ড্রোন ভূপাতিত করার বিষয়টি জানান। তার ভাষ্য অনুযায়ী, তায়েজের আকাশসীমায় অভিযান চালানোর সময় ড্রোনটিকে শনাক্ত করে সেটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
এর পাশাপাশি বাব এল-মানদেব প্রণালির আশপাশে সৌদি সমর্থিত বাহিনীর সামরিক তৎপরতা নিয়েও বক্তব্য দিয়েছেন ইয়াহিয়া সারি। তিনি দাবি করেন, ওই এলাকায় বাহিনীর নতুন করে অবস্থান নেওয়া এবং শক্তি বাড়ানোর কার্যক্রমকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।
হুথি মুখপাত্রের দাবি, রাস আল-আরা এলাকার কাওয়াহ ক্যাম্পে হামলার সময় একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। একই সঙ্গে একটি অস্ত্রের গুদামে আগুন ধরে যাওয়ার কথাও জানান তিনি।
ইয়াহিয়া সারি আরও দাবি করেন, বাব এল-মানদেবের দক্ষিণাঞ্চল ছাড়াও আল-সাকিয়া এবং রাস আল-আরায় অবস্থানরত সামরিক সদস্যদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এসব হামলায় বহু সেনা নিহত ও আহত হয়েছেন বলেও দাবি করেন তিনি।
তবে হুথিদের পক্ষ থেকে দেওয়া এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা হয়নি। ফলে ড্রোন ভূপাতিত হওয়া এবং ক্ষেপণাস্ত্র হামলায় হতাহতের বিষয়ে নিরপেক্ষ সূত্র থেকে নিশ্চিত তথ্য পাওয়া না পর্যন্ত বিষয়গুলোকে হুথিদের দাবি হিসেবেই বিবেচনা করা হচ্ছে।
