যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা কমাতে কূটনৈতিক উদ্যোগ ও মধ্যস্থতার সম্ভাবনা নিয়ে আলোচনা করতে পাকিস্তানে পৌঁছেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
মঙ্গলবার, ৬ অক্টোবর, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় গুতেরেসের ইসলামাবাদ সফরের বিষয়টি নিশ্চিত করেছে। তিন দিনের সরকারি সফরে তিনি পাকিস্তানের রাজধানীতে অবস্থান করবেন।
ইসলামাবাদ বিমানবন্দরে পৌঁছানোর পর জাতিসংঘ মহাসচিবকে স্বাগত জানান পাকিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব ও রাষ্ট্রদূত নাবিল মুনির।
সফরকালে পাকিস্তান সরকারের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে গুতেরেসের। এসব আলোচনায় আঞ্চলিক পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্কের বর্তমান উত্তেজনাসহ বিভিন্ন আন্তর্জাতিক বিষয় গুরুত্ব পেতে পারে।
জাতিসংঘের পক্ষ থেকেও জানানো হয়েছে, গুতেরেসের পাকিস্তান সফরের অন্যতম প্রধান আলোচ্য হবে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কূটনৈতিক যোগাযোগ এবং সম্ভাব্য মধ্যস্থতার উদ্যোগ।
বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা কীভাবে আলোচনার মাধ্যমে কমিয়ে আনা যায় এবং কূটনৈতিক সমাধানের পথ তৈরি করা যায়, সে বিষয়ে পাকিস্তানের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে।
পাকিস্তান অতীতেও বিভিন্ন আঞ্চলিক সংকটে মধ্যস্থতাকারীর ভূমিকা পালনের চেষ্টা করেছে। ফলে বর্তমান পরিস্থিতিতে দেশটির কূটনৈতিক ভূমিকা নিয়েও আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
গুতেরেসের এই সফরে যুক্তরাষ্ট্র-ইরান পরিস্থিতির পাশাপাশি মধ্যপ্রাচ্যের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি এবং উত্তেজনা কমানোর সম্ভাব্য পথ নিয়েও আলোচনা হতে পারে।
জাতিসংঘের পক্ষ থেকে আশা করা হচ্ছে, সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে কূটনৈতিক যোগাযোগ জোরদার করার মাধ্যমে সংঘাত এড়ানোর সুযোগ তৈরি করা সম্ভব হবে।

