যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারীদের সাক্ষাৎকারের সময় সব তথ্য সঠিকভাবে উপস্থাপন করার পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। কোনো ধরনের ভুল, মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য দেওয়া থেকে বিরত থাকতে আবেদনকারীদের সতর্ক করা হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বার্তায় দূতাবাস এই সতর্কতার কথা জানায়। সেখানে বলা হয়েছে, ভিসা সাক্ষাৎকারের সময় আবেদনকারীর আগের কোনো অভিবাসনসংক্রান্ত আইন লঙ্ঘনের তথ্য কনস্যুলার কর্মকর্তাদের কাছে আগে থেকেই থাকতে পারে।

এ কারণে অতীতের কোনো তথ্য গোপন করার চেষ্টা না করে সংশ্লিষ্ট প্রশ্নের জবাব স্পষ্ট ও সত্যভাবে দেওয়ার জন্য আবেদনকারীদের প্রতি আহ্বান জানিয়েছে দূতাবাস।

মার্কিন দূতাবাসের সতর্কবার্তায় আরও উল্লেখ করা হয়েছে, কেউ যদি ভিসা আবেদনের ক্ষেত্রে ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য দেন অথবা জাল কিংবা ভুয়া কাগজপত্র জমা দেন, তাহলে তার আবেদন প্রত্যাখ্যাত হতে পারে।

শুধু একটি আবেদন বাতিল হওয়ার মধ্যেই বিষয়টি সীমাবদ্ধ নাও থাকতে পারে। মিথ্যা তথ্য বা জাল নথি ব্যবহারের মতো গুরুতর বিষয় প্রমাণিত হলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রেও দীর্ঘমেয়াদি, এমনকি স্থায়ী নিষেধাজ্ঞার মতো কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে বলে সতর্ক করেছে দূতাবাস।

তাই ভিসা সাক্ষাৎকারে আবেদনকারীদের প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার সময় নিজেদের প্রকৃত তথ্য উপস্থাপনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে আগের কোনো অভিবাসনসংক্রান্ত ঘটনা থাকলে তা গোপন না করার পরামর্শ দেওয়া হয়েছে।

দূতাবাসের এই বার্তার মূল উদ্দেশ্য হলো, ভিসা প্রক্রিয়ায় আবেদনকারীরা যেন তথ্য গোপন, ভুল তথ্য প্রদান বা জাল নথি ব্যবহারের মতো কোনো পদক্ষেপ না নেন। সাক্ষাৎকারে প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে সঠিক ও সত্য তথ্যই অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version