ভারতের বিপক্ষে আসন্ন প্রীতি ম্যাচকে সামনে রেখে কলকাতায় পৌঁছেছে ব্রাজিল ফুটবল দল। পাঁচবারের বিশ্বকাপজয়ী দলটির সফর ঘিরে কলকাতায় ব্যাপক আগ্রহ তৈরি হলেও নিরাপত্তার কারণে বিমানবন্দর থেকে হোটেল পর্যন্ত পুরো যাত্রাপথে ভক্তদের কাছ থেকে দলটিকে দূরে রাখা হয়।

বৃহস্পতিবার, ১ অক্টোবর রাত পৌনে ৯টার দিকে কলকাতা বিমানবন্দরে অবতরণ করে ব্রাজিলের বহর। বিমানবন্দর থেকে বের হওয়ার জন্য ব্যবহার করা হয় ভিআইপি গেট। খেলোয়াড়দের বহনকারী দুটি বাস ছিল ব্রাজিলের ঐতিহ্যবাহী সবুজ ও হলুদ রঙে সাজানো।

দলের নিরাপত্তা নিশ্চিত করতে বিমানবন্দর এলাকা এবং হোটেলে যাওয়ার পুরো রুটে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছিল। এমনকি বিমানবন্দরের আশপাশ কিংবা রাস্তার পাশে দাঁড়িয়ে ব্রাজিলের খেলোয়াড়দের দেখার সুযোগও পাননি সাধারণ দর্শকরা।

প্রায় ৯০ সদস্যের দলটি দুটি বাস এবং পাঁচটি ব্যক্তিগত গাড়িতে বিমানবন্দর থেকে বের হয়। মাত্র ১১ মিনিটের মধ্যে পুরো বহর বিমানবন্দর এলাকা অতিক্রম করে। এরপর হোটেলে পৌঁছাতেও খুব বেশি সময় লাগেনি—মাত্র আট মিনিটেই নির্ধারিত গন্তব্যে পৌঁছে যায় ব্রাজিল দল।

হোটেল ঘিরেও ছিল কঠোর নিরাপত্তা। তবে সেখানে থাকা কয়েকজন সমর্থক ব্রাজিলের ফুটবলারদের কাছ থেকে দেখার সুযোগ পান। খেলোয়াড়দের মধ্যে ভিনিসিয়ুসকে দেখতে পেয়ে হোটেলের লবি থেকে ভক্তদের কণ্ঠে শোনা যায় ‘ভিনি ভিনি’ স্লোগান।

ব্রাজিলের খেলোয়াড়দের পরনে ছিল জলপাই-সবুজ রঙের হুডি ও শর্টস। মাথায় ছিল হলুদ ক্যাপ। দলের এই সফরে অবশ্য থাকছেন না রাফিনিয়া। চোটের কারণে তাকে ছাড়াই কলকাতায় এসেছে ব্রাজিলের স্কোয়াড।

কলকাতা সফরের মূল আকর্ষণ অবশ্য ভারতের বিপক্ষে ম্যাচ। শনিবার, ৩ অক্টোবর কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হবে দুই দল। ম্যাচটি ঘিরে ইতোমধ্যেই ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে ফুটবলপ্রেমীদের মধ্যে।

ম্যাচের আগে শুক্রবার ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তির সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার কথা রয়েছে। সেখানে তার সঙ্গে দলের একজন ফুটবলারও উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

এরপর বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত যুবভারতী ক্রীড়াঙ্গনের মূল মাঠে অনুশীলন করবে ব্রাজিল দল। অনুশীলন শেষ হলে সরাসরি হোটেলে ফিরে যাবে পুরো স্কোয়াড। ম্যাচের আগের দিন এর বাইরে আর কোনো কর্মসূচি রাখা হয়নি।

ব্রাজিলের মতো বিশ্ব ফুটবলের অন্যতম জনপ্রিয় দলের কলকাতা সফরকে ঘিরে শহরজুড়ে ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উন্মাদনা তৈরি হলেও নিরাপত্তার কারণে খেলোয়াড়দের চলাচল রাখা হয়েছে অত্যন্ত নিয়ন্ত্রিত। ফলে বিমানবন্দর থেকে হোটেল—পুরো যাত্রাপথেই কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কলকাতায় প্রবেশ করেছে সেলেসাওরা।

Share.
Leave A Reply

Exit mobile version