সড়ক দুর্ঘটনা কমানো এবং সাধারণ মানুষের মধ্যে সড়ক নিরাপত্তা সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে নোয়াখালীতে বছরজুড়ে বিভিন্ন কর্মসূচি পরিচালনা করছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এর অংশ হিসেবে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের নিয়ে আয়োজন করা হচ্ছে সভা ও সেমিনার।
এই কার্যক্রমের ধারাবাহিকতায় বুধবার (৩০ সেপ্টেম্বর) নোয়াখালী সদর উপজেলার রিয়াজুল জান্নাহ মহিলা মাদ্রাসায় সড়ক নিরাপত্তা নিয়ে একটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা অংশ নেন।
সেমিনারে সড়ক নিরাপত্তার বিভিন্ন দিক নিয়ে প্রশিক্ষণ ও আলোচনা করেন বিআরটিএ নোয়াখালী সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মাহবুব রাব্বানী এবং মোটরযান পরিদর্শক মোশাররফ হোসেন। অনুষ্ঠানে নিরাপদ সড়ক চাই, নোয়াখালীর সহসভাপতি আবদুল ওয়াদুদ বাহার, জেলা প্রতিনিধি জিটিভিসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনায় ট্রাফিক সিগন্যাল মেনে চলা, রাস্তা পারাপারের সময় পথচারীদের সতর্কতা, যাত্রীদের দায়িত্ব এবং গণপরিবহনে চলাচলের ক্ষেত্রে প্রয়োজনীয় নিরাপত্তাবিধি সম্পর্কে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি সড়ক ব্যবহারের ক্ষেত্রে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়।
এ সময় প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মাওলানা সাইফুর রহমান শিক্ষার্থীদের উদ্দেশে সচেতনতামূলক বক্তব্য দেন। আয়োজিত সেমিনারে প্রায় ১২০ জন শিক্ষার্থী ও তাদের অভিভাবক অংশগ্রহণ করেন।
অন্যদিকে পেশাদার চালকদের দক্ষতা বাড়ানো এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে তাদের আরও সচেতন করার লক্ষ্যেও কার্যক্রম চালিয়েছে নোয়াখালী বিআরটিএ। একই দিন বিআরটিএ কার্যালয়ে পেশাদার ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে আসা চালকদের জন্য রিফ্রেশার্স প্রশিক্ষণের আয়োজন করা হয়।
এই প্রশিক্ষণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিআরটিএ নোয়াখালী সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মাহবুব রাব্বানী এবং নোয়াখালী সার্কেল-২-এর মোটরযান পরিদর্শক মো. জিয়াউর রহমান।
বিআরটিএ কর্তৃপক্ষ জানিয়েছে, সড়ক দুর্ঘটনা কমানো এবং চালক, পথচারী ও অন্যান্য সড়ক ব্যবহারকারীদের মধ্যে নিরাপত্তা সচেতনতা বাড়ানোর জন্য এ ধরনের সভা, সেমিনার ও প্রশিক্ষণ কার্যক্রম বছরজুড়ে চালু থাকবে। সড়কে নিরাপদ চলাচলের সংস্কৃতি গড়ে তুলতেই এসব উদ্যোগ নেওয়া হচ্ছে।

