যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের প্রচেষ্টার অংশ হিসেবে নতুন এক জোড়া বিশাল পান্ডা যুক্তরাষ্ট্রে পাঠিয়েছে চীন। ‘পিং পিং’ ও ‘ফু শুয়াং’ নামের চার বছর বয়সী পান্ডা দুটিকে যুক্তরাষ্ট্রের আটলান্টার একটি চিড়িয়াখানায় নেওয়া হচ্ছে।
চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার তথ্য অনুযায়ী, রোববার (২৭ সেপ্টেম্বর) ভোরে সিচুয়ান প্রদেশের চেংদুর একটি সংরক্ষণ ও প্রজনন কেন্দ্র থেকে বিশেষ বিমানে পান্ডা দুটিকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে পাঠানো হয়।
প্রায় ১৫ ঘণ্টার এই দীর্ঘ যাত্রায় পান্ডাগুলোর সঙ্গে চীনের পশুচিকিৎসক ও প্রজনন বিশেষজ্ঞদের একটি দলও রয়েছে। যাত্রাপথে তাদের স্বাস্থ্য ও প্রয়োজনীয় যত্ন নিশ্চিত করার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা নেতা শি চিনপিংয়ের মধ্যে বাণিজ্য ও প্রযুক্তি নিয়ে বৈঠক শেষ হওয়ার পরপরই পান্ডা পাঠানোর এই উদ্যোগ সামনে এসেছে।
দুই দেশের কর্মকর্তারা আশা করছেন, যুক্তরাষ্ট্রে নতুন এই পান্ডা জোড়ার আগমন চীন ও আমেরিকার সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ, বোঝাপড়া ও বন্ধুত্ব আরও বাড়াতে ভূমিকা রাখবে।
চীনের সঙ্গে বিভিন্ন দেশের সম্পর্কের ক্ষেত্রে পান্ডাকে প্রতীকীভাবে ব্যবহারের দীর্ঘ ইতিহাস রয়েছে। ১৯৭২ সাল থেকে বন্ধুত্ব ও সহযোগিতার বার্তা হিসেবে বিশ্বের বিভিন্ন দেশের চিড়িয়াখানায় পান্ডা পাঠিয়ে আসছে বেইজিং। এই কৌশলটি আন্তর্জাতিকভাবে ‘পান্ডা কূটনীতি’ নামে পরিচিত।
চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক সময়ে বাণিজ্য ও প্রযুক্তি নিয়ে নানা ধরনের মতবিরোধ ও উত্তেজনা দেখা গেলেও, নতুন এই পান্ডা বিনিময়কে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি ইতিবাচক সাংস্কৃতিক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।
আটলান্টায় পৌঁছানোর পর পান্ডা দুটিকে নির্দিষ্ট ব্যবস্থাপনার মাধ্যমে চিড়িয়াখানায় রাখা হবে। তাদের দেখভাল ও স্বাস্থ্য পর্যবেক্ষণে বিশেষজ্ঞরা নিয়মিত কাজ করবেন।

