যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে শক্তিশালী ‘নরইস্টার’ ঝড়ের প্রভাবে ব্যাপক দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে। নিউইয়র্ক, বোস্টনসহ বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি, ঝোড়ো বাতাস, বিদ্যুৎ বিভ্রাট এবং উপকূলীয় এলাকায় বন্যার কারণে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিউইয়র্ক ও নিউ জার্সিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) জানিয়েছে, শনিবার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্ক সিটি ও বোস্টনসহ উত্তর-পূর্বাঞ্চলের বেশ কিছু এলাকায় উপকূলীয় বন্যা, ভারী বৃষ্টিপাত এবং শক্তিশালী বাতাসের ঝুঁকি রয়েছে।
ঝড়ের প্রভাবে এরই মধ্যে উত্তর-পূর্বাঞ্চলের এক লাখের বেশি গ্রাহক বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন। বিদ্যুৎ পরিস্থিতি পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান পাওয়ারআউটেজের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তদের বড় অংশই এই অঞ্চলের বিভিন্ন এলাকার বাসিন্দা।
প্রতিকূল আবহাওয়ার প্রভাব পড়েছে বিমান চলাচলেও। ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, ঝড়ের কারণে দুই হাজার ৪০০টির বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে। একই সময়ে বাতিল হয়েছে প্রায় এক হাজার ১৯৯টি ফ্লাইট। যাত্রীদের যাত্রার আগে সংশ্লিষ্ট এয়ারলাইনের কাছ থেকে ফ্লাইটের সর্বশেষ তথ্য নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে।
উপকূলীয় বন্যার শঙ্কা
আবহাওয়া বিভাগ জানিয়েছে, শনিবার পূর্ণিমা থাকায় জোয়ারের উচ্চতা বাড়তে পারে। ফলে উপকূলীয় এলাকায় বন্যার ঝুঁকি আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
নিউ জার্সির সার্ফ সিটি ও মানাসকোয়ান এলাকায় ইতোমধ্যে বেশ কিছু সড়ক ও বাড়িঘরে বন্যার পানি প্রবেশ করেছে। নিচু এলাকার বাসিন্দাদের পরিস্থিতির বিষয়ে সতর্ক থাকতে বলেছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস।
কর্তৃপক্ষের আশঙ্কা, উপকূলের কাছাকাছি নিচু এলাকাগুলোর সড়ক পানিতে ডুবে যেতে পারে। একই সঙ্গে বাড়িঘর ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানও ক্ষতির মুখে পড়তে পারে।
ঝড়ের প্রভাব পড়েছে বিভিন্ন বিনোদন ও ক্রীড়া আয়োজনেও। নিরাপত্তাজনিত কারণে বোস্টনে ব্রিটিশ সংগীতশিল্পী এড শিরানের নির্ধারিত কনসার্ট বাতিল করা হয়েছে।
নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে অনুষ্ঠিত হওয়ার কথা থাকা ‘গ্লোবাল সিটিজেন ফেস্টিভ্যাল’ও বাতিল করা হয়েছে। ওই আয়োজনে লরিন হিল, ওয়াইক্লেফ জিন ও জন লেজেন্ডসহ বেশ কয়েকজন শিল্পীর পারফর্ম করার কথা ছিল।
এ ছাড়া নিউইয়র্ক রেড বুল ও সেন্ট লুইস সিটি এসসির মধ্যকার পেশাদার ফুটবল ম্যাচও বাতিল করা হয়েছে। অন্যদিকে বোস্টন রেড সক্স ও শিকাগো কাবসের ম্যাচটি রোববার ফ্লোরিডায় সরিয়ে নেওয়া হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, নিউইয়র্কে সপ্তাহজুড়ে ঘণ্টায় প্রায় ৫৫ মাইল বা ৮৬ কিলোমিটার পর্যন্ত গতিতে ঝোড়ো বাতাস বইতে পারে। এতে গাছ উপড়ে পড়া এবং বিদ্যুৎ সঞ্চালন লাইনের ক্ষতির আশঙ্কা রয়েছে।
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি স্থানীয় বাসিন্দাদের জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন। পাশাপাশি বন্যার পানির মধ্য দিয়ে গাড়ি চালানো কিংবা হেঁটে চলাচল না করতেও সতর্ক করেছেন তিনি।
নিউ জার্সির গভর্নর মিকি শেরিলও পরিস্থিতিকে গুরুত্বের সঙ্গে নেওয়ার আহ্বান জানিয়েছেন। ঝড় চলাকালে সতর্ক থাকা এবং স্থানীয় প্রশাসনের দেওয়া নির্দেশনা মেনে চলার জন্য বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
