নেত্রকোনার দুর্গাপুরে প্রেমিকার বিয়ে অন্যত্র ঠিক হওয়ায় হতাশ হয়ে মহসিন আল নাঈম (১৭) নামে এক মাদ্রাসাছাত্র আত্মহত্যা করেছে বলে জানিয়েছে তার পরিবার। প্রায় দুই বছর ধরে একই উপজেলার এক তরুণীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। এমনকি দুই পরিবারের মধ্যে তাদের বিয়ে নিয়ে কথাবার্তাও চলছিল।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে দুর্গাপুর পৌরশহরের সাধুপাড়া এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নাঈম ওই এলাকার মতিউর রহমানের ছেলে এবং স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করত।
পরিবারের সদস্যরা জানান, রাতে নাঈমকে ঘরের মধ্যে অচেতন অবস্থায় দেখতে পান তারা। পরে দ্রুত তাকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিয়ে নিয়ে দুই পরিবারের মধ্যে আলোচনা
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, পার্শ্ববর্তী চণ্ডিগড় এলাকার এক তরুণীর সঙ্গে নাঈমের দীর্ঘদিনের সম্পর্ক ছিল। কয়েকদিন আগে নাঈমের পরিবারের পক্ষ থেকে ওই তরুণীর পরিবারের কাছে বিয়ের প্রস্তাব দেওয়া হয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনাও হয়েছিল।
তবে রোববার ওই তরুণীর বিয়ে অন্যত্র ঠিক হয়। পরিবারের দাবি, বিষয়টি জানতে পেরে নাঈম মানসিকভাবে ভেঙে পড়ে।
নাঈমের পরিবারের ভাষ্য অনুযায়ী, ওই তরুণী বিয়ের কেনাকাটার জন্য স্থানীয় বাজারে এলে নাঈম তাকে দেখতে পায়। পরে সোমবার রাতে তাদের মধ্যে কথা হয় এবং তরুণীটি তাকে বিয়ে করতে পারবে না বলে জানায়। এরপরই নাঈম হতাশ হয়ে পড়েছিল বলে পরিবারের সদস্যরা জানান।
নাঈমের বড় ভাই মাহমুদুল হাসান বলেন, কিছুদিন আগে তারা ওই তরুণীর বাড়িতে গিয়ে বিয়ের বিষয়ে আলোচনা করেছিলেন। পরে বিয়ে অন্যত্র ঠিক হওয়ার খবর জানার পর নাঈম মানসিকভাবে ভেঙে পড়ে। পরিবারের ধারণা, এই হতাশা থেকেই সে আত্মহত্যার পথ বেছে নেয়।
মরদেহ ময়নাতদন্তে
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, মঙ্গলবার সকালে নাঈমের মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
প্রাথমিকভাবে প্রেমের সম্পর্ক ও মানসিক হতাশার বিষয়টি সামনে এসেছে বলে জানান তিনি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

