ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম বলেছেন, নগরবাসীর সহযোগিতা নিয়ে ঢাকাকে একটি আধুনিক ও পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তোলাই সরকারের অন্যতম লক্ষ্য।
তিনি বলেন, বুড়িগঙ্গা নদীর দূষণ কমিয়ে পরিবেশ রক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে ‘বর্জ্যের বিনিময়ে ভাসমান বাজার’ কার্যক্রম চালু করেছে ডিএসসিসি। এর মাধ্যমে মানুষকে বর্জ্য ব্যবস্থাপনায় আরও সচেতন ও দায়িত্বশীল করে তোলার পাশাপাশি নদী দূষণ রোধে জনসম্পৃক্ততা বাড়ানো হবে।
শনিবার কেরানীগঞ্জের সোয়ারীঘাট লঞ্চঘাটে ডিএসসিসির আয়োজিত ‘বর্জ্যের বিনিময়ে ভাসমান বাজার’ কার্যক্রমে উপস্থিত হয়ে এসব কথা বলেন তিনি।
ডিএসসিসি প্রশাসক বলেন, নগরবাসীকে নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন হতে হবে। সঠিকভাবে বর্জ্য ব্যবস্থাপনা করা গেলে এটিকে শুধু আবর্জনা হিসেবে না দেখে সম্পদে রূপান্তর করা সম্ভব। ভবিষ্যতে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের কার্যক্রম শুরু করার মাধ্যমে বর্জ্যকে সম্পদে পরিণত করার পরিকল্পনাও রয়েছে।
বুড়িগঙ্গা নদী রক্ষায় সিটি করপোরেশন কাজ করে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ঢাকার চারপাশের নদীগুলোকে রক্ষা এবং নৌ চলাচলের উপযোগী করে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। সেই নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো কাজ করছে।
তিনি আরও বলেন, নদী ও পরিবেশ রক্ষায় শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়; সাধারণ মানুষকেও এ কাজে সক্রিয়ভাবে যুক্ত হতে হবে। বর্জ্য যেখানে-সেখানে না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলা এবং পরিবেশের প্রতি দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান তিনি।
এ সময় বিরোধী দলের প্রতি লং মার্চের মতো কর্মসূচি না দিয়ে সরকারকে সহযোগিতা করার আহ্বানও জানান ডিএসসিসির প্রশাসক।

