মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এবং আন্তর্জাতিক জ্বালানি তেলের দামের গতিপ্রকৃতির দিকে বিনিয়োগকারীদের নজর থাকার মধ্যেই বিশ্ববাজারে সোনা ও রুপার দাম বেড়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) টানা দ্বিতীয় দিনের মতো সোনার দর ঊর্ধ্বমুখী ছিল। এদিন মূল্যবান ধাতুটির দাম এক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।

আন্তর্জাতিক স্পট মার্কেটে সোনার দাম ০ দশমিক ৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৩৭৮ দশমিক ১৯ ডলারে উঠেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারসের দাম ০ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৪১৮ দশমিক ২০ ডলারে দাঁড়িয়েছে।

বাইবিটের প্রধান বাজার বিশ্লেষক হান তানের মতে, যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সিদ্ধান্তের পরও সোনার বাজারে বড় ধরনের নেতিবাচক প্রভাব দেখা যায়নি। সুদের হার বাড়ানোর ধারা দীর্ঘস্থায়ী নাও হতে পারে—এমন প্রত্যাশা এবং তেলের দামে পতনের কারণে সোনার বাজারে কিছুটা স্বস্তি তৈরি হয়েছে।

সাধারণত মূল্যস্ফীতির বিরুদ্ধে সুরক্ষা হিসেবে সোনাকে গুরুত্বপূর্ণ বিনিয়োগ মাধ্যম হিসেবে বিবেচনা করা হয়। তবে সুদের হার বেশি থাকলে সুদ বা নির্দিষ্ট মুনাফা পাওয়া সম্পদের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়তে পারে। এতে সুদবিহীন সম্পদ হিসেবে সোনার চাহিদায় চাপ তৈরি হওয়ার সম্ভাবনা থাকে।

গত বুধবার যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়েছে। আগামী কয়েক মাসে সুদের হার আরও বাড়তে পারে—এমন প্রত্যাশাও রয়েছে বাজারে।

এদিকে অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে। শুক্রবার আন্তর্জাতিক বাজারে রুপার দর ২ দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬৬ দশমিক ৯২ ডলারে পৌঁছেছে। প্লাটিনামের দাম ২ দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ৮১৩ দশমিক ৭০ ডলারে উঠেছে। একইভাবে প্যালাডিয়ামের দাম ২ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ৩২৪ দশমিক ১২ ডলারে দাঁড়িয়েছে।

দেশের বাজারে সোনা-রুপার দাম

আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার পাশাপাশি বাংলাদেশে বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনা ভ্যাটসহ ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকায় বিক্রি হচ্ছে।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯০ হাজার ১২৩ টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনা বিক্রি হচ্ছে ১ লাখ ৫৫ হাজার ৩০৬ টাকায়।

রুপার গহনার ক্ষেত্রে ২১ ক্যারেটের প্রতি ভরির দাম ৪ হাজার ৭৮২ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ৪ হাজার ৮২ টাকা।

অন্যদিকে, সনাতন পদ্ধতিতে প্রতি ভরি রুপার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৯১ টাকা।

Share.
Leave A Reply

Exit mobile version