গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করার পাশাপাশি একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে লক্ষ্মীপুরের রহমতখালী খালে মাছের পোনা অবমুক্ত করার একটি কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। জেলা মৎস্য বিভাগের উদ্যোগে আয়োজিত এ কার্যক্রম শেষে সরকারি-বেসরকারি ৩৩টি প্রতিষ্ঠানের মধ্যে পুকুরে অবমুক্ত করার জন্য মাছের পোনা বিতরণ করা হয়।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, গ্রামীণ অবকাঠামো উন্নয়নকে সরকার গুরুত্ব দিচ্ছে। সামাজিক ও নৈতিক দায়িত্ববোধের জায়গা থেকেও বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় খাল পুনঃখননসহ গ্রামীণ অর্থনীতি ও স্বনির্ভরতার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছিল। সেই ধারাবাহিকতায় বর্তমান সরকারও নতুন কর্মসূচি বাস্তবায়নের কথা বলছে।
মন্ত্রী আরও বলেন, দল-মত নির্বিশেষে সবাই এসব উদ্যোগকে গুরুত্ব দিলে গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। বাংলাদেশের নদী, খাল ও জলাশয়কেন্দ্রিক অর্থনীতির সম্ভাবনাকে কাজে লাগিয়ে মানুষের জীবনযাত্রা ও অর্থনৈতিক অবস্থার উন্নয়নে কাজ করার সুযোগ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
এ্যানি জানান, সরকার দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করছে। পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্যের পাশাপাশি প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান।
তার ভাষ্য অনুযায়ী, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং জলাশয় পুনরুদ্ধারের মতো বিষয়গুলোকে একই সঙ্গে গুরুত্ব দেওয়া হচ্ছে।
রহমতখালী খাল প্রসঙ্গে পানিসম্পদমন্ত্রী বলেন, এটি লক্ষ্মীপুরের গুরুত্বপূর্ণ একটি জলপ্রবাহ। খালটি পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজ চলছে। আগে খালে প্রচুর কচুরিপানা থাকলেও তা অপসারণ করা হয়েছে এবং বর্তমানে পানির প্রবাহ স্বাভাবিক রয়েছে বলে তিনি জানান।
এদিন খালে মাছের পোনা অবমুক্ত করা হয়। পাশাপাশি জেলা মৎস্য বিভাগের উদ্যোগে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে পুকুরে ছাড়ার জন্য মাছের পোনা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসক এসএম মেহেদী হাসান, জেলা পুলিশ সুপার মো. আবু তারেক, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদ উজ-জামান খান, জেলা মৎস্য কর্মকর্তা জসিম উদ্দিন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান এবং বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

