সুইজারল্যান্ডের ভ্যালাইস ক্যান্টনের পার্বত্য এলাকায় একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে তিন আরোহীর মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দুজন ব্রিটিশ নাগরিক বলে জানা গেছে।
বৃহস্পতিবার সুইস সংবাদমাধ্যম সুইসইনফোর বরাত দিয়ে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ দুর্ঘটনার তথ্য প্রকাশ করেছে।
ভ্যালাইস আঞ্চলিক পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে টিকিনো অঞ্চলের লুগানো শহর থেকে বিমানটি যাত্রা শুরু করে। ‘সিরাস এসআর২২টি’ মডেলের এক ইঞ্জিনের বিমানটি ভ্যালাইস ক্যান্টনের লয়কারবাড পৌরসভার কাছাকাছি পৌঁছানোর পর একটি পাহাড়ের ঢালে আছড়ে পড়ে।
দুর্ঘটনার খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় জরুরি সেবাদানকারী দল ও উদ্ধারকারীরা। এ সময় তিনটি হেলিকপ্টার এবং দুইজন উদ্ধারকারী বিশেষজ্ঞও অভিযানে অংশ নেন।
তবে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে বিমানের ভেতরে থাকা তিন আরোহীকেই মৃত অবস্থায় দেখতে পায়। দুর্ঘটনায় আর কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
বিমানটি কী কারণে পাহাড়ের ঢালে বিধ্বস্ত হলো, তা এখনো স্পষ্ট নয়। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। তদন্তের অগ্রগতির সঙ্গে দুর্ঘটনার কারণ সম্পর্কে আরও তথ্য পাওয়া যেতে পারে।

