১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে রংপুর অভিমুখী লংমার্চ শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিকভাবে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। কর্মসূচিকে ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা বা ভাঙচুর না করার আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন মিয়া গোলাম পরওয়ার। আগামী ১৯ সেপ্টেম্বরের ঢাকা-রংপুর লংমার্চ সামনে রেখে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠকের পর এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।
মিয়া গোলাম পরওয়ার বলেন, তাদের কর্মসূচি হবে সহিংসতামুক্ত ও নিয়মতান্ত্রিক। অস্থিতিশীলতা, বিশৃঙ্খলা কিংবা ভাঙচুরের মতো কোনো কর্মসূচি ১১ দলের নেই বলেও তিনি উল্লেখ করেন।
কর্মসূচি সফল করতে প্রশাসনের সহযোগিতা চেয়ে তিনি বলেন, পুলিশ প্রশাসন, সিভিল সোসাইটি, ট্রাফিক বিভাগ, গোয়েন্দা সংস্থা এবং লংমার্চের রুটে থাকা জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের লিখিতভাবে বিষয়টি জানানো হয়েছে। শান্তিপূর্ণ কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।
কর্মসূচিতে কেউ ইচ্ছাকৃতভাবে বাধা দেওয়ার চেষ্টা করলে তা পরিস্থিতিকে জটিল করে তুলতে পারে বলেও সতর্ক করেন জামায়াতের এই নেতা। তিনি বলেন, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচি বাধাগ্রস্ত করে দেশকে অস্থিতিশীল করার কোনো উদ্যোগ নেওয়া উচিত নয়।
তিনি আরও বলেন, ১১ দলীয় ঐক্য কোনো ধরনের বিশৃঙ্খলা চায় না এবং কর্মসূচির মধ্যেও এমন কিছু হতে দেওয়া হবে না। তাই অপ্রয়োজনীয়ভাবে সংঘাতের পরিস্থিতি তৈরি না করার আহ্বান জানান তিনি।
মিয়া গোলাম পরওয়ারের বক্তব্য অনুযায়ী, আগামী ১৯ সেপ্টেম্বর সকাল ৭টায় ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে লংমার্চের উদ্বোধনী জনসভা শুরু হওয়ার কথা রয়েছে। পরে সকাল ৮টার দিকে গাড়িবহর রংপুরের উদ্দেশে যাত্রা করবে।

