এক দিনের সফরে সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর নিজ জেলা ঠাকুরগাঁও সফরের পর এবার সিলেট সফরে গেলেন তিনি। বিমানবন্দরে পৌঁছালে স্থানীয় বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে অভ্যর্থনা জানান।
বিমানবন্দর থেকে মোটরকেড নিয়ে রাষ্ট্রপতি সিলেট সার্কিট হাউসের উদ্দেশে যাত্রা করেন। সেখানে পৌঁছানোর পর তিনি গার্ড অব অনার গ্রহণ করবেন। এরপর তিনি হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন। পরে হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের জন্য তাঁর সেখানে যাওয়ার কথা রয়েছে।
রাষ্ট্রপতির সফরসূচিতে ধর্মীয় স্থাপনা পরিদর্শনের পাশাপাশি নাগরিক সংবর্ধনায় অংশ নেওয়ার কর্মসূচিও রয়েছে। বিকেল সাড়ে ৩টার দিকে সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে নগর ভবন প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি যোগ দেবেন।
রাষ্ট্রপতির সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীসহ আরও কয়েকজন।
রাষ্ট্রপতির আগমন উপলক্ষে সিলেট নগরীর বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। বিভিন্ন স্থানে ব্যানার, ফেস্টুন ও সাজসজ্জা করা হয়েছে। সার্কিট হাউসের পথে সড়কের দুই পাশে স্থানীয় বাসিন্দা এবং বিএনপির নেতা-কর্মীদের উপস্থিতিও দেখা যায়।
রাষ্ট্রপতির চলাচলের নির্ধারিত সড়কগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য দায়িত্ব পালন করছেন। বিশেষ করে নগর ভবন ও আশপাশের এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী জানান, বিমানবন্দর থেকে রাষ্ট্রপতি সার্কিট হাউসে যাবেন। সেখানে গার্ড অব অনার গ্রহণের পর মাজার জিয়ারত ও কিছু সময় বিশ্রাম শেষে বিকেলে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।
সফরসূচি অনুযায়ী, সব কর্মসূচি শেষে রাত ৮টার দিকে রাষ্ট্রপতির ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করার কথা রয়েছে।

