ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, নিরপেক্ষ তদন্ত চায় জামায়াত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো ধরনের অবহেলা, নিরাপত্তাজনিত ত্রুটি বা কর্তৃপক্ষের গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখতে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার একই সঙ্গে এ ঘটনায় নিহতদের জন্য শোক প্রকাশ করেছেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে দেওয়া এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার উল্লেখ করেন, সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন লাগার পর সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় নিরাপদে বের হওয়ার জন্য সিঁড়ি দিয়ে দ্রুত নামতে গিয়ে পদদলিত ও হুড়োহুড়ির পরিস্থিতিতে অন্তত দুজনের মৃত্যু হয়। এ ঘটনায় আরও প্রায় ২০ জন গুরুতর আহত হয়েছেন বলে তিনি উল্লেখ করেন।

হতাহতের ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে জামায়াতের এই নেতা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। পাশাপাশি আহত ব্যক্তিদের দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করেন।

তিনি বলেন, হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। আগুন লাগার পেছনে কোনো অব্যবস্থাপনা, অবহেলা কিংবা অগ্নিনিরাপত্তা ব্যবস্থার ঘাটতি ছিল কি না, সেটি তদন্তের মাধ্যমে স্পষ্ট হওয়া প্রয়োজন।

ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনায় প্রাণহানি ঠেকাতে দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোর অগ্নিনিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার ওপরও গুরুত্ব দেন তিনি।

মিয়া গোলাম পরওয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি নিহত ও আহতদের পরিবারের জন্য যথাযথ সহায়তা ও ক্ষতিপূরণের ব্যবস্থা করার আহ্বান জানান। একই সঙ্গে আহতদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা এবং অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

তিনি বলেন, ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি হাসপাতালগুলোর নিরাপত্তাব্যবস্থা নিয়মিত পর্যালোচনা করা হলে ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক ঘটনা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।

Share.
Leave A Reply

Exit mobile version