সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় এক কৃষকের গোয়ালঘর থেকে আটটি গরু চুরির ঘটনা ঘটেছে। চুরি হওয়া গরুগুলোর আনুমানিক মূল্য প্রায় আট লাখ টাকা বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

রোববার দিবাগত রাতে উপজেলার খুটিগাছা গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয় খামারি ও গরু পালনকারীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কৃষক হায়দার আলীর গোয়ালঘরের তালা ভেঙে গভীর রাতে দুর্বৃত্তরা ভেতরে প্রবেশ করে। পরে সেখানে থাকা আটটি গরু নিয়ে পালিয়ে যায় তারা।

সকালে গোয়ালঘরে গিয়ে গরুগুলো না দেখে বিষয়টি বুঝতে পারেন হায়দার আলী। এরপর আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করা হলেও গবাদিপশুগুলোর কোনো সন্ধান পাওয়া যায়নি।

হায়দার আলী জানান, চুরি হওয়া গরুগুলো ছিল তার পরিবারের আয়ের অন্যতম প্রধান অবলম্বন। একসঙ্গে এতগুলো গরু হারিয়ে তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা এলাকায় রাতের নিরাপত্তা জোরদার এবং আইনশৃঙ্খলা বাহিনীর টহল বৃদ্ধির দাবি জানিয়েছেন।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর বলেন, চুরি যাওয়া গরুগুলো উদ্ধারের পাশাপাশি ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

উল্লেখ্য, গত আগস্ট মাসেও তাড়াশ উপজেলার বিভিন্ন এলাকায় একাধিক কৃষকের ১০টি গরু চুরির ঘটনা ঘটেছিল। ফলে গরু পালনকারী কৃষকদের মধ্যে চুরি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version