ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তাদের তৈরি শাহেদ-১৩৬ ড্রোনের নকশা অনুসরণ করে যুক্তরাষ্ট্র ‘লুকাস’ নামে একটি নতুন ড্রোন তৈরি করেছে এবং তা সামরিক ব্যবস্থায় অন্তর্ভুক্ত করেছে।
শনিবার খোররামাবাদে আয়োজিত এক অনুষ্ঠানে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মজিদ মুসাবি এ মন্তব্য করেন। তিনি বলেন, ড্রোন প্রযুক্তির ক্ষেত্রে ইরান উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে এবং বর্তমানে দেশটির হাতে বিভিন্ন ধরনের শাহেদ সিরিজের ড্রোন রয়েছে।
তার ভাষ্য অনুযায়ী, এসব ড্রোনের কিছু সরাসরি আক্রমণ পরিচালনায় ব্যবহৃত হয়, আবার কিছু গোয়েন্দা নজরদারি ও তথ্য সংগ্রহের কাজে নিয়োজিত থাকে। তিনি এ সাফল্যের পেছনে দেশের তরুণ বিজ্ঞানী ও গবেষকদের অবদানকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।
মজিদ মুসাবি আরও বলেন, যুক্তরাষ্ট্রের ‘লুকাস’ ড্রোনকে তিনি ইরানি প্রযুক্তির স্বীকৃতি হিসেবে দেখেন। তার দাবি, ওয়াশিংটন ইরানের শাহেদ-১৩৬ ড্রোনের বৈশিষ্ট্য অনুসরণ করেই নতুন এই ড্রোন তৈরি করেছে।
এ সময় তিনি ইরানের সামরিক অভিযানের কথাও তুলে ধরেন। মুসাবির মতে, ‘অপারেশন ট্রু প্রমিজ-১’-এ দেশীয় প্রযুক্তিতে তৈরি বিপুল সংখ্যক ড্রোন সফলভাবে ব্যবহার করা হয়েছিল, যা ইরানের ড্রোন সক্ষমতার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ।
তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

