সারা দেশে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পরিচ্ছন্ন রাখতে নতুন কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এর অংশ হিসেবে আগামী ১৩ ও ১৪ সেপ্টেম্বর দেশের বিভিন্ন শিক্ষাঙ্গণে বিশেষ পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।

শনিবার সংগঠনের পক্ষ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির কর্মসূচিটির অনুমোদন দিয়েছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

ছাত্রদল জানিয়েছে, ডেঙ্গুর বিস্তার রোধ এবং জনসচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে তারা ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ নামে তিন মাসব্যাপী একটি কর্মসূচি বাস্তবায়ন করছে। এর ধারাবাহিকতায় দেশের মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠান, কলেজ ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দুই দিনের বিশেষ অভিযান পরিচালিত হবে।

এই কর্মসূচির আওতায় মশার সম্ভাব্য প্রজননস্থল শনাক্ত ও পরিষ্কার করা, ক্যাম্পাসের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে তথ্যভিত্তিক প্রচার চালাতে লিফলেট বিতরণও করা হবে।

সংগঠনের নেতাদের মতে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে স্বাস্থ্যকর ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে শিক্ষার্থীদের সম্পৃক্ততা গুরুত্বপূর্ণ। তাই নির্ধারিত কর্মসূচিতে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সরাসরি অংশ নিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করবেন।

Share.
Leave A Reply

Exit mobile version