আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের কোচিং স্টাফে আসছে বড় পরিবর্তন। দীর্ঘদিন ধরে লিওনেল স্কালোনির অন্যতম বিশ্বস্ত সহযোগী হিসেবে দায়িত্ব পালন করা ওয়াল্টার স্যামুয়েল সহকারী কোচের পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।
প্রায় আট বছর ধরে জাতীয় দলের সঙ্গে কাজ করা সাবেক এই আর্জেন্টাইন ডিফেন্ডার চলতি বছরের শেষ দিকে দায়িত্ব থেকে সরে দাঁড়াতে পারেন। আর্জেন্টাইন সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, স্কালোনি ভবিষ্যতে জাতীয় দলের দায়িত্বে থাকলেও স্যামুয়েল আর কোচিং বেঞ্চে ফিরবেন না।
আর্জেন্টিনার সাম্প্রতিক সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল স্যামুয়েলের। বিশেষ করে কর্নার, ফ্রি-কিক ও সেটপিস কৌশল তৈরিতে তার অবদান উল্লেখযোগ্য বলে মনে করা হয়। ২০২২ সালের বিশ্বকাপ, ২০২১ ও ২০২৪ সালের কোপা আমেরিকা এবং ফিনালিসিমা জয়ের সময়ও তিনি কোচিং দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন।
তবে দীর্ঘদিন সহকারী কোচ হিসেবে কাজ করার পর এবার নতুন চ্যালেঞ্জ নিতে আগ্রহী স্যামুয়েল। জানা গেছে, জাতীয় দলের সহকারী কোচের দায়িত্ব ছেড়ে ইউরোপের কোনো ক্লাবে প্রধান কোচ হিসেবে কাজ শুরু করার পরিকল্পনা করছেন তিনি। এর মাধ্যমে কোচিং ক্যারিয়ারের নতুন অধ্যায়ে প্রবেশ করতে চান সাবেক এই তারকা ফুটবলার।
অন্যদিকে, স্কালোনির কোচিং স্টাফের আরও দুই সদস্য পাবলো আইমার ও রবার্তো আয়ালার ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা রয়েছে। স্কালোনির সিদ্ধান্তের ওপর তাদের অবস্থান অনেকটাই নির্ভর করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আর্জেন্টিনার সাম্প্রতিক সোনালি অধ্যায়ের অন্যতম স্থপতি হিসেবে পরিচিত ওয়াল্টার স্যামুয়েলের বিদায় তাই দলটির কোচিং কাঠামোয় একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবেই দেখা হচ্ছে।
