চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুর্ঘটনায় নিহত সেনাসদস্য তাসনিম রিফাতকে রাজশাহীতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। বৃহস্পতিবার জোহরের নামাজের পর জানাজা শেষে দামকুড়া এলাকার বিন্দারামপুর গ্রামের পারিবারিক কবরস্থানে, মায়ের কবরের পাশেই তাকে সমাহিত করা হয়।

এর আগে সেনাবাহিনীর সদস্যরা তার মরদেহ নিজ গ্রামে নিয়ে আসেন। সেখানে রাষ্ট্রীয় মর্যাদার অংশ হিসেবে সেনাবাহিনীর পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

বুধবার চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে সামরিক প্রশিক্ষণ চলাকালে ঘটে যাওয়া এক দুর্ঘটনায় তাসনিম রিফাতসহ দুই সেনাসদস্য প্রাণ হারান। দুর্ঘটনার পর তার মরদেহ হেলিকপ্টারে চট্টগ্রাম থেকে ঢাকা হয়ে রাজশাহী সেনানিবাসে আনা হয়। পরে বিশেষ ফ্রিজিং গাড়িতে করে গ্রামের বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

মরদেহ গ্রামে পৌঁছানোর পর স্বজনদের কান্না ও শোকাহত মানুষের ভিড়ে ভারী হয়ে ওঠে পরিবেশ। শেষবারের মতো প্রিয়জনকে দেখতে স্থানীয় বাসিন্দারাও ভিড় করেন।

পরিবারের সদস্যরা জানান, প্রশিক্ষণ শেষ করে অল্প সময়ের মধ্যেই বাড়ি ফেরার কথা ছিল রিফাতের। এরপর তার বগুড়া সেনানিবাসে যোগদানের পরিকল্পনা ছিল। গত বছর মায়ের মৃত্যু হওয়ার পর তিনি প্রায়ই নিজ এলাকায় ফিরে আসার ইচ্ছার কথা পরিবারের সদস্যদের জানাতেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় সংঘটিত ওই দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত হয়েছেন এবং একজন কর্মকর্তা আহত হয়েছেন।

আইএসপিআরের তথ্য অনুযায়ী, আহত কর্মকর্তাকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version