আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ আমদানির অনুমতি চেয়ে আবেদন করেছে ভারতের ব্যবসায়ীরা। এ লক্ষ্যে ভারতের ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোতে চিঠি পাঠিয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, সংগঠনটি প্রধানমন্ত্রীর কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে পৃথকভাবে আবেদন করেছে। প্রতি বছরের মতো এবারও পূজা উপলক্ষে ইলিশ রপ্তানির বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে। তবে রপ্তানির পরিমাণ এখনো চূড়ান্ত হয়নি।

এদিকে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়ে বাংলাদেশের ১৮টি প্রতিষ্ঠান আবেদন করেছে। এসব আবেদন যাচাইয়ের জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে বাণিজ্য মন্ত্রণালয়ে প্রয়োজনীয় তথ্য পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

বাণিজ্যসচিব আতাউর রহমান খান জানিয়েছেন, ভারতীয় ব্যবসায়ীদের আবেদন পাওয়া গেছে। ইলিশ রপ্তানির সম্ভাব্য পরিমাণ নির্ধারণে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

ভারতীয় ব্যবসায়ীদের আবেদনে উল্লেখ করা হয়েছে, ১৯৯৬ সালের পর থেকে প্রতিবছর গড়ে প্রায় পাঁচ হাজার টন ইলিশ ভারতে রপ্তানি হতো। তবে ২০১২ সালের পর এই রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে যায়। পরে ২০১৯ সাল থেকে দুর্গাপূজা উপলক্ষে সীমিত সময়ের জন্য বিশেষ অনুমতির মাধ্যমে ইলিশ রপ্তানি পুনরায় শুরু হয়।

তাদের দাবি, প্রতিবছর সেপ্টেম্বরের শেষ দিকে অনুমতি দেওয়ার পরিবর্তে এবার আরও আগে রপ্তানির অনুমোদন দেওয়া হলে ব্যবসায়িক কার্যক্রম সহজ হবে।

সরকারি তথ্য অনুযায়ী, ২০১৯ সালে ৫০০ টন ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছিল। পরবর্তী বছরগুলোতে অনুমোদনের পরিমাণ বাড়লেও অনুমোদিত কোটা অনুযায়ী সব ইলিশ রপ্তানি হয়নি। বিভিন্ন বছরে অনুমোদনের তুলনায় প্রকৃত রপ্তানির পরিমাণ উল্লেখযোগ্যভাবে কম ছিল।

সর্বশেষ গত বছর ১ হাজার ২০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হলেও ভারতে রপ্তানি হয়েছে মাত্র ১৫০ টন। এবারও দুর্গাপূজাকে কেন্দ্র করে ইলিশ রপ্তানির বিষয়ে সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্ট ব্যবসায়ী মহল।

Share.
Leave A Reply

Exit mobile version