নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬
৫০তম বিসিএসের মৌখিক পরীক্ষায় (ভাইভা) অংশ নিতে খুলনা থেকে ঢাকায় আসার পথে সড়ক দুর্ঘটনায় শেখ মিশা খাতুন (২৭) নামের এক তরুণী নিহত হয়েছেন। তিনি বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) খুলনা কার্যালয়ের পরীক্ষক (রসায়ন) হিসেবে কর্মরত ছিলেন।
গত রোববার (৬ সেপ্টেম্বর) সকালে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গেড়াখোলা ব্রিজসংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিএসটিআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিএসটিআই বিজ্ঞপ্তিতে জানায়, খুলনা থেকে ঢাকা আসার পথে তিনি মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হন। তার এই অকালমৃত্যুতে বিএসটিআই পরিবার গভীরভাবে শোকাহত ও মর্মাহত।
এদিকে শেখ মিশা খাতুনের আকস্মিক প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। শোকবার্তায় জানানো হয়, কর্মজীবনে প্রতিষ্ঠিত হওয়া সত্ত্বেও নিজের স্বপ্ন পূরণ ও নতুন উচ্চতায় পৌঁছানোর প্রত্যয়ে তিনি ৫০তম বিসিএসের ভাইভা দিতে ঢাকায় আসছিলেন। কিন্তু পথিমধ্যেই তার সেই স্বপ্নযাত্রার করুন সমাপ্তি ঘটে। একজন মেধাবী এবং সম্ভাবনাময় তরুণের এভাবে চলে যাওয়া একটি অপূরণীয় ক্ষতি।
পরিবার ও পরিচিতদের সূত্রে জানা গেছে, শেখ মিশা খাতুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক শিক্ষার্থী ছিলেন। পড়াশোনা সম্পন্ন করে ২০২৫ সালে তিনি বিএসটিআইয়ের পরীক্ষক (রসায়ন) পদে যোগ দান করেন। বিএসটিআইয়ে কর্মরত থাকার পাশাপাশি তিনি বিসিএসের প্রস্তুতি নিচ্ছিলেন এবং সেই ভাইভায় যোগ দিতে আসার পথেই দুর্ঘটনার শিকার হন।
