ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি মোহসেন রেজায়ী দাবি করেছেন, মার্কিন নৌবাহিনীর একটি জাহাজের বিরুদ্ধে প্রথমবারের মতো ইরানে তৈরি একটি ডেস্ট্রয়ার-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। অন্যদিকে, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থাকে (আইএইএ) কড়া সতর্কবার্তা দিয়েছে তেহরান।

টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে মোহসেন রেজায়ী জানান, ৪৮ ঘণ্টা আগে আমেরিকান একটি জাহাজের বিরুদ্ধে এই ইরানি ডেস্ট্রয়ার-বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়। এই বিশেষ ক্ষেপণাস্ত্রটি আমেরিকান বাহিনীর জন্য পরিস্থিতি কঠিন করে তুলেছিল এবং তারা পিছু হটতে বাধ্য হয়।

তবে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরানের এই দাবির সরাসরি কোনো জবাব দেয়নি। এর পরিবর্তে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে সেন্টকম জানায়, “রিভোলিউশনারি গার্ডসের জন্য বার্তা স্পষ্ট: আপনারা যদি আমাদের দুটি জাহাজে গুলি চালান, তবে আমরা আপনাদের ওপর আরও অনেক বেশি অর্থনৈতিক মূল্য চাপিয়ে দেব এবং আপনাদের তিনটি জাহাজ ধ্বংস করব।”

বিবৃতিতে আরও বলা হয়, আমেরিকান বাহিনীকে রক্ষা করতে যুক্তরাষ্ট্র কোনো দ্বিধা করবে না এবং প্রয়োজন হলে ইরানের তেলবাহী জাহাজের বহর ধ্বংস করা হবে।

ইসলামিক রিভোলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সাবেক এই কমান্ডার এই অঞ্চলে জাহাজ চলাচলের সম্ভাব্য পরিণতি সম্পর্কে বলেন, ইরানের সঙ্গে পরামর্শ না করে পরিচালিত জাহাজগুলোকে নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করা হবে। সেগুলোকে বীমা সংক্রান্ত সমস্যা এবং পরবর্তীতে চলাচলে জটিলতাসহ নানা পরিণতির মুখোমুখি হতে হবে।

আইএইএকে পাল্টা পদক্ষেপের হুঁশিয়ারি ইরানের

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থায় (আইএইএ) ইউরোপীয় দেশগুলোর প্রস্তাবিত নতুন খসড়া অনুমোদিত হলে পাল্টা পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছে ইরান। ইউরোপীয় দেশগুলো ও আইএইএ ইরানের ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শনের দাবি জানাচ্ছে। এই প্রস্তাব পাস হলে ইরানের পারমাণবিক ইস্যুটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাঠানোর পথ উন্মুক্ত হতে পারে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ইউরোপীয় দেশগুলো যখন অন্য ক্ষেত্রে ব্যর্থ হয়, তখন পারমাণবিক ইস্যুকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে। তিনি আরও জানান, পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার কারণে পরিদর্শনের পথ বন্ধ হয়ে গেছে এবং বর্তমানে আইএইএ-এর পক্ষে তা পরিদর্শন করা সম্ভব নয়।

(সূত্র: বিবিসি)

Share.
Leave A Reply

Exit mobile version