চলন্ত বাসের নিচে ঢুকে পড়ে মোটরসাইকেল, দুই আরোহী নিহত

ফরিদপুরের ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল চলন্ত বাসের নিচে ঢুকে পড়ে। এতে মোটরসাইকেলের আরোহী দুই যুবক নিহত হয়েছেন।

গতকাল সোমবার রাত নয়টার দিকে উপজেলার চুমুরদি ইউনিয়নের বাবলাতলা এলাকায় ফরিদপুর-বরিশাল মহাসড়কের চাঁপা ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।নিহত দুজন হলেন পটুয়াখালীর সুমখালী এলাকার আনিসুর রহমান (২৮) এবং বরিশালের গৌরনদী উপজেলার দিয়াশুর গ্রামের সালাউদ্দিন হাওলাদার (৩০)।

ভাঙ্গা হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, আনিসুর ও সালাউদ্দিন মোটরসাইকেলে করে ঢাকা থেকে পটুয়াখালীর দিকে যাচ্ছিলেন। রাত নয়টার দিকে বাবলাতলা এলাকায় তাঁদের মোটরসাইকেলটি বরিশাল থেকে ঢাকাগামী দশমিনা পরিবহনের একটি বাসের নিচে ঢুকে পড়ে। পরে মোটরসাইকেলটিকে প্রায় আধা কিলোমিটার টেনে নিয়ে যায় বাসটি। এতে মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হন।খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনের মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পর দশমিনা পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন।

বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) কাজী ওবায়দুল কবির বলেন, চালক ও তাঁর সহকারীকে আটক করা যায়নি। এ ছাড়া এ দুর্ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Share.
Leave A Reply

Exit mobile version