বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সরকারি সফরে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। শনিবার (৫ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সফর চলাকালে নৌবাহিনী প্রধান সৌদি আরবের সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ, রয়েল সৌদি নেভাল ফোর্সের কমান্ডার এবং মাল্টিন্যাশনাল মেরিটাইম ডিফেন্স কোয়ালিশনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

এ সময় দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময়ের পাশাপাশি সামরিক ও নৌ সহযোগিতা জোরদারের বিষয়েও আলোচনা হবে। নির্ধারিত দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং নৌবাহিনীগুলোর পেশাগত সহযোগিতা আরও সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে কথা হবে।

সফরকালে অ্যাডমিরাল মিসবাহ উল আজীম সৌদি আরবের বিভিন্ন সামরিক ও নৌ স্থাপনা পরিদর্শন করবেন। পাশাপাশি প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন, পেশাগত অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্র নিয়ে দুই দেশের নৌবাহিনীর কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন।

আইএসপিআরের মতে, নৌবাহিনী প্রধানের এ সফর বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার বিদ্যমান সহযোগিতা, পারস্পরিক আস্থা এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করতে সহায়ক ভূমিকা রাখবে।

Share.
Leave A Reply

Exit mobile version