রংপুরের পীরগাছা উপজেলায় এক দম্পতি মাদকাসক্ত ছেলের অত্যাচার সহ্য করতে না পেরে গণ্যমান্য ব্যক্তিদের সহায়তায় ছেলেকে পুলিশের হাত তুলে দিয়েছেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছেলে রেজাউল করিম (৩৫)-কে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করা হয়। রেজাউল পীরগাছা উপজেলার বড়পানসিয়া গ্রামের কৃষক আব্দুল করিমের ছেলে। শুক্রবার রাতে মাদকাসক্তকে সাজা দেওয়া হয়।স্থানীয় ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, রেজাউল করিম দীর্ঘদিন ধরে মাদক সেবনের টাকার জন্য মা-বাবাকে মারধর করতেন। এক মাস আগে বাড়িঘর ভাঙচুর করে তাদের মারপিট করে। এরপর প্রাণভয়ে ওই বাবা-মা অন্যের বাড়িতে আশ্রয় নেন। এক সপ্তাহ আগে মাদক কেনার টাকার জন্য রেজাউল করিম আবারও বাড়িঘর ভাঙচুর করে। শুক্রবার জুমার নামাজের পর রেজাউলের বাবা মসজিদে দাঁড়িয়ে বিষয়টি সমাধানের জন্য সমাজের গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতা চান। পরে বিষয়টি মীমাংসার জন্য বসলে এলাকাবাসীর সামনে আবারও ঘরবাড়ি ভাঙচুর করেন এবং নিজে গলায় ফাঁস নেওয়ার চেষ্টা করেন রেজাউল। এ সময় এলাকাবাসী তাকে আটক করেন এবং তার মা-বাবাকে সঙ্গে করে থানায় নিয়ে যান। পরে রাতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে রেজাউল করিমকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়। পীরগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক হাসান তাহসিন জানান, পারিবারিক সহিংসতা এবং মাদক সেবনের অভিযোগে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে সাজা দেওয়া হয়।

Share.
Leave A Reply

Exit mobile version