সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার সকালে সচিবালয়ে দিনের কার্যক্রম শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে মন্ত্রিপরিষদ বিভাগের একটি বৈঠকে অংশ নেন তিনি।
পরে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিতে গাড়িবহর ব্যবহার না করে সচিবালয় থেকে হেঁটেই রওনা হন প্রধানমন্ত্রী।
জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত ওই অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। একই অনুষ্ঠানে পুরোহিত ও সেবাইতদের মধ্যে সম্মানীও বিতরণ করা হয়।
প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের প্রকাশ করা ছবিতে দেখা যায়, সচিবালয়ের দক্ষিণ দিকের প্রধান ফটক দিয়ে বেরিয়ে অনুষ্ঠানের উদ্দেশ্যে হাঁটছেন তিনি। এ সময় নিরাপত্তাকর্মীদের পাশাপাশি প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা ও প্রেস উইংয়ের সদস্যরা তার সঙ্গে ছিলেন।
প্রধানমন্ত্রী হেঁটে যাওয়ার সময় আশপাশের পথচারীরা তাকে হাত নেড়ে শুভেচ্ছা জানান। জবাবে তিনিও হাত নেড়ে তাদের অভিবাদন জানান।
