বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই সঙ্গে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছেন তিনি।

শুক্রবার (২১ আগস্ট) শপথ গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতির দায়িত্ব নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর তাকে পাঠানো এক শুভেচ্ছাবার্তায় ইরানের প্রেসিডেন্ট নতুন রাষ্ট্রপতির সাফল্য কামনা করেন।

বার্তায় মাসুদ পেজেশকিয়ান আশা প্রকাশ করেন, মির্জা ফখরুলের নেতৃত্বে বাংলাদেশ স্থিতিশীলতা, উন্নয়ন ও সমৃদ্ধির পথে আরও এগিয়ে যাবে। বাংলাদেশের আইনপ্রণেতা ও সংসদীয় প্রতিনিধিরা তার নেতৃত্ব, অঙ্গীকার এবং গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করার ভূমিকার ওপর যে আস্থা রেখেছেন, সেটিও ইতিবাচক ফল বয়ে আনবে বলে মন্তব্য করেন তিনি।

ইরানের প্রেসিডেন্ট বলেন, বাংলাদেশের সঙ্গে বিদ্যমান ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করতে তার দেশের সরকার ও জনগণ আগ্রহী। পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ক্ষেত্রেও পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

অভিনন্দনবার্তার শেষ দিকে রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সফলতা কামনা করেন পেজেশকিয়ান। একই সঙ্গে বাংলাদেশের জনগণের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধির জন্য শুভকামনা জানান তিনি।

Share.
Leave A Reply

Exit mobile version