ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে দেশটির মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করা গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোর, যা ‘চিকেনস নেক’ নামে পরিচিত, তার নিরাপত্তা আরও জোরদার করার উদ্যোগ নিয়েছে ভারত। করিডোরটির সুরক্ষায় বিশেষ ‘ত্রিকোণীয় নিরাপত্তা গ্রিড’ গঠনের ঘোষণা দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

শুক্রবার (২০ আগস্ট) শিলিগুড়ি সফরে গিয়ে তিনি জানান, গুরুত্বপূর্ণ এই করিডোরে প্রশাসনিক তৎপরতা ও নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি সামরিক সক্ষমতাও বাড়ানো হচ্ছে। এ সময় রানিডাঙ্গায় সশস্ত্র সীমা বলের (এসএসবি) উত্তরবঙ্গ ফ্রন্টিয়ার সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে প্রায় ১৮৯ কোটি রুপি ব্যয়ে বিভিন্ন আবাসিক ও প্রশাসনিক প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

অমিত শাহ বলেন, নেপাল, ভুটান ও বাংলাদেশের কাছাকাছি অবস্থানের কারণে শিলিগুড়ি করিডোর ভারতের জাতীয় নিরাপত্তার দিক থেকে অত্যন্ত স্পর্শকাতর। করিডোরের নিরাপত্তা জোরদারে চোপড়া, কিষাণগঞ্জ ও ধুবড়িকে কেন্দ্র করে নজরদারি, নিরাপত্তা উপস্থিতি ও প্রশাসনিক নিয়ন্ত্রণ বাড়ানো হয়েছে।

তিনি আরও জানান, ‘তিস্তা প্রহার’-এর মতো নিয়মিত সামরিক মহড়ার মাধ্যমেও করিডোরের নিরাপত্তা সক্ষমতা যাচাই ও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

সীমান্ত নিরাপত্তা নিয়ে বক্তব্য দিতে গিয়ে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ এবং নিরাপত্তা বাহিনীর অবকাঠামোর জন্য প্রয়োজনীয় জমি পেতে আগের সরকারের সময়ে জটিলতা ছিল। তাঁর দাবি, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর বিএসএফ ও এসএসবির জন্য জমি হস্তান্তরের ক্ষেত্রে দ্রুত অগ্রগতি হয়েছে।

নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের কথাও তুলে ধরেন অমিত শাহ। ‘ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রাম ২.০’-এর আওতায় বাংলাদেশ ও ভুটান সীমান্তসংলগ্ন গ্রামগুলোতে যোগাযোগব্যবস্থা উন্নয়নে বড় ধরনের বিনিয়োগ করা হচ্ছে বলে জানান তিনি।

এ ছাড়া ‘অমৃত ভারত স্টেশন’ প্রকল্পের মাধ্যমে শিলিগুড়ি ও জলপাইগুড়ির রেলস্টেশন আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। দিল্লি-শিলিগুড়ি হাইস্পিড রেল করিডোর বাস্তবায়িত হলে রাজধানী দিল্লির সঙ্গে শিলিগুড়ির যোগাযোগ আরও দ্রুত ও সহজ হবে বলেও অনুষ্ঠানে উল্লেখ করা হয়।

Share.
Leave A Reply

Exit mobile version