বাংলাদেশের পক্ষ থেকে অনুকূল পরিবেশ নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় তাগিদ না পাওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা নেই বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

রোববার (১৬ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে সরকারের অবস্থান তুলে ধরেন মন্ত্রণালয়ের মুখপাত্র এ কে এম শহীদুল করিম। তিনি জানান, দুই দেশের সম্পর্ক ও সফরের পরিবেশ নিয়ে বাংলাদেশ গুরুত্ব দিয়ে আলোচনা করছে।

ঢাকার পক্ষ থেকে ভারতের কাছে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ও তুলে ধরা হয়েছে। এর মধ্যে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়টি রয়েছে। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন।

এ ছাড়া ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির হত্যাকাণ্ডে সন্দেহভাজন ব্যক্তিদেরও বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি জানিয়েছে ঢাকা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য অনুযায়ী, এসব বিষয়ে অগ্রগতি এবং পারস্পরিক আস্থার পরিবেশ তৈরি হওয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে।

অর্থাৎ, শুধু সফরের সময়সূচি নির্ধারণ নয়—দুই দেশের মধ্যে আলোচিত বিষয়গুলোর ক্ষেত্রে দৃশ্যমান অগ্রগতিকেও গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ সরকার।

Share.
Leave A Reply

Exit mobile version