বলিউডে অভিনয়ের পারিশ্রমিক নেওয়ার প্রচলিত পদ্ধতিতে ধীরে ধীরে পরিবর্তন দেখা যাচ্ছে। অনেক তারকাই এখন নির্দিষ্ট অঙ্কের পারিশ্রমিকের পাশাপাশি সিনেমার মুনাফা, স্বত্ব ও বুদ্ধিবৃত্তিক সম্পদের অংশীদার হচ্ছেন। এবার সেই পথেই হাঁটার কথা ভাবছেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুর।

‘শার্ক ট্যাংক ইন্ডিয়া’খ্যাত উদ্যোক্তা অশনীর গ্রোভারের জীবন নিয়ে নির্মিত হতে যাওয়া একটি বায়োপিকে তার স্ত্রী মাধুরী জৈন গ্রোভারের ভূমিকায় অভিনয়ের জন্য শ্রদ্ধা কাপুরের সঙ্গে আলোচনা চলছে। সিনেমাটির চিত্রনাট্য ও পরিচালনার দায়িত্বে রয়েছেন রাহুল মোদী।

ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সিনেমাটিতে অভিনয়ের জন্য শ্রদ্ধাকে প্রায় ২০ কোটি রুপি পারিশ্রমিক দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে আলোচনার সর্বশেষ পর্যায়ে অভিনেত্রী এককালীন পারিশ্রমিকের পরিবর্তে ছবিটির প্রযোজনার সঙ্গে যুক্ত হওয়ার বিষয়টি বিবেচনা করছেন বলে জানা গেছে।

এমন সিদ্ধান্ত নেওয়া হলে শুরুতে নির্দিষ্ট পারিশ্রমিক না নিয়ে সিনেমার আয় ও স্বত্বের একটি অংশ নেওয়ার সুযোগ থাকবে শ্রদ্ধার। এর মধ্যে ওটিটি স্বত্ব বিক্রি এবং বক্স অফিস থেকে পাওয়া আয়ের অংশও থাকতে পারে। ফলে ছবিটি বড় ধরনের ব্যবসা করলে তার মোট উপার্জন প্রস্তাবিত ২০ কোটি রুপির চেয়েও বেশি হতে পারে।

বলিউডে এ ধরনের লাভ ভাগাভাগির মডেল অবশ্য নতুন নয়। সম্প্রতি অক্ষয় কুমারও একই ধরনের কাঠামো অনুসরণ করে লাভবান হয়েছেন বলে খবর প্রকাশিত হয়েছে। ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ সিনেমায় তুলনামূলক কম পারিশ্রমিকের বিনিময়ে ছবিটির উল্লেখযোগ্য অংশের স্বত্ব নিজের ও তার প্রযোজনা প্রতিষ্ঠানের অধীনে রেখেছিলেন তিনি। সিনেমাটি সফল হওয়ার পর মুনাফার অংশ থেকে তার আয় ৩৫ কোটি রুপির বেশি হয়েছে বলে জানা যায়।

শুধু অক্ষয় নন, শাহরুখ খান, আমির খান, সালমান খান, অজয় দেবগন ও রণবীর সিংয়ের মতো বলিউডের শীর্ষ অভিনেতারাও এখন নির্দিষ্ট পারিশ্রমিকের পাশাপাশি সিনেমার লাভে অংশ নেওয়ার পদ্ধতির দিকে আগ্রহ দেখাচ্ছেন।

এদিকে শ্রদ্ধা কাপুর বর্তমানে ‘ইথা’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। এই ছবির জন্য তার পারিশ্রমিক ১২ থেকে ১৫ কোটি রুপির মধ্যে বলে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে।

তবে অশনীর গ্রোভারের বায়োপিকের ক্ষেত্রে শ্রদ্ধা শেষ পর্যন্ত ২০ কোটি রুপি পারিশ্রমিক নেবেন, নাকি প্রযোজক হিসেবে যুক্ত হয়ে সিনেমার মুনাফায় অংশীদার হবেন—এখনো তা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হচ্ছে।

Share.
Leave A Reply

Exit mobile version