বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করার আগে যুক্তরাষ্ট্রের কাছ থেকে বেশ কয়েকটি ছাড় চেয়েছে ইরান। দেশটির দাবি, ওয়াশিংটন তাদের নীতিতে পরিবর্তন না আনলে এই জলপথ পুরোপুরি খুলে দেওয়া হবে না।
রোববার (৯ আগস্ট) গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওমানের মধ্যস্থতায় এ বিষয়ে আলোচনা এগিয়ে চললেও এখনো দুই পক্ষের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে মতপার্থক্য রয়েছে।
ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব ও বিপ্লবী গার্ডের কমান্ডার মোহাম্মদ বাঘের জোলঘাদে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রকে তাদের বর্তমান নীতি ও আচরণ পরিবর্তন করতে হবে। পাশাপাশি ইরান এবং দেশটির আঞ্চলিক মিত্রদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ স্থায়ীভাবে বন্ধ করার দাবিও জানিয়েছে তেহরান।
ইরানের পক্ষ থেকে আরও বলা হয়েছে, ভবিষ্যতে যুক্তরাষ্ট্র যেন ইরানকে কোনো ধরনের সামরিক হুমকি না দেয়। একই সঙ্গে ইরানি বন্দরগুলোর ওপর থাকা নৌ অবরোধ প্রত্যাহার এবং মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা সরিয়ে নেওয়ারও দাবি জানানো হয়েছে।
এ ছাড়া সংঘাতের কারণে ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে, তার পূর্ণ ক্ষতিপূরণ দেওয়ার দাবি তুলেছে তেহরান। একই সঙ্গে দেশটির ওপর আরোপিত সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বিদেশে আটকে থাকা ইরানের অর্থ কোনো শর্ত ছাড়াই ছাড়ার কথা বলা হয়েছে।
ইরানের এসব দাবি পূরণ না হলে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল পুরোপুরি স্বাভাবিক হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথগুলোর একটি হওয়ায় হরমুজ প্রণালিকে ঘিরে যেকোনো অচলাবস্থা আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

