নেপালের পাহাড়ি সৌন্দর্য দেখতে গিয়ে রোমাঞ্চকর এক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন ঢাকাই সিনেমার অভিনেত্রী অপু বিশ্বাস। পোখারার অন্নপূর্ণা এলাকায় কেবল কারে ভ্রমণের সময় পাহাড়ের অনেক ওপরে ওঠার কারণে একদিকে যেমন দৃশ্য উপভোগ করেছেন, অন্যদিকে উচ্চতার কারণে বেশ ভয়ও পেয়েছেন তিনি।

বর্তমানে নতুন সিনেমা ‘শিকার’-এর শুটিংয়ে নেপালে অবস্থান করছেন অপু বিশ্বাস। কাজের ফাঁকে দেশটির বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখছেন এই অভিনেত্রী। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার পোখারার অন্নপূর্ণা এলাকায় কেবল কারে ওঠেন তিনি।

এই ভ্রমণের অভিজ্ঞতা সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে ফেসবুক লাইভে আসেন অপু। সেখানে কেবল কারের ভেতর থেকেই নিজের অনুভূতির কথা জানান তিনি। লাইভের সঙ্গে দেওয়া ক্যাপশনেও নিজের ভয় পাওয়ার বিষয়টি উল্লেখ করেন অভিনেত্রী।

অপু জানান, কেবল কারটি পাহাড়ের অনেক উঁচু দিয়ে চলায় তার কাছে যাত্রাটি বেশ ভীতিকর মনে হয়েছে। মালয়েশিয়া ও সিঙ্গাপুরে কেবল কারে চড়ার অভিজ্ঞতা থাকলেও নেপালের এই যাত্রাকে তুলনামূলকভাবে বেশি চ্যালেঞ্জিং বলে মনে হয়েছে তার।

তবে ভয় পাওয়ার পাশাপাশি পুরো অভিজ্ঞতাটি উপভোগও করেছেন অপু। পাহাড়ি পরিবেশ ও আকাশপথে ভ্রমণের রোমাঞ্চ তাকে মুগ্ধ করেছে বলে জানান তিনি।

একই সঙ্গে উচ্চতাভীতি রয়েছে এমন ব্যক্তিদের সতর্ক করেছেন এই অভিনেত্রী। যাদের উচ্চতায় উঠলে ভয় বা শারীরিক অস্বস্তি হয় কিংবা হৃদ্‌যন্ত্রের সমস্যা রয়েছে, তাদের এমন রোমাঞ্চকর কেবল কারে ওঠার আগে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

শুটিংয়ের ব্যস্ততার মধ্যেও পরিবারের কথা মনে পড়েছে অপুর। নেপালে অবস্থানকালে নিজের সন্তানকে খুব মিস করছেন বলেও ফেসবুক লাইভে আবেগের সঙ্গে জানিয়েছেন এই অভিনেত্রী।

Share.
Leave A Reply

Exit mobile version