দীর্ঘ প্রায় এক দশকের বিরতির পর আবারও টেলিভিশনের পর্দায় ফিরছে জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস বাংলা’। এবার অনুষ্ঠানটির সবচেয়ে বড় চমক হিসেবে থাকছেন ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। ক্রিকেট মাঠের পর ‘দাদাগিরি’ দিয়ে দর্শকদের মন জয় করা সৌরভ এবার প্রথমবারের মতো বিগ বসের সঞ্চালকের ভূমিকায় দেখা যাবেন।

আয়োজকদের প্রকাশিত প্রথম প্রোমোতেই এবারের সিজনের থিম প্রকাশ করা হয়েছে— ‘দুর্গ জয় সহজ নয়’। এই ভাবনাকে কেন্দ্র করেই সাজানো হচ্ছে নতুন মৌসুমের আয়োজন। প্রতিযোগীদের নানা চ্যালেঞ্জ ও পরিস্থিতির মধ্য দিয়ে এগিয়ে গিয়ে বিগ বসের ‘দুর্গ’ জয় করতে হবে।

আগামী ৩০ আগস্ট থেকে ‘স্টার জলসা’ ও ‘জিও-হটস্টার’-এ অনুষ্ঠানটির সম্প্রচার শুরু হওয়ার কথা রয়েছে।

নতুন দায়িত্ব নিয়ে সৌরভ গাঙ্গুলিও বেশ উচ্ছ্বসিত। তার মতে, বিগ বসের ঘরে কোনো কিছু সহজে অর্জন করা যায় না। প্রতিযোগীরা কীভাবে নানা পরীক্ষা ও অপ্রত্যাশিত পরিস্থিতি সামলে সামনে এগিয়ে যাবেন, সেটিই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হবে। একই সঙ্গে দর্শকরাও তাদের এই যাত্রার অংশ হয়ে উঠবেন বলে মনে করছেন তিনি।

এদিকে নতুন সিজনে কারা প্রতিযোগী হিসেবে থাকছেন, তা এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তবে বিনোদন অঙ্গনে বেশ কয়েকজন তারকার নাম সম্ভাব্য প্রতিযোগী হিসেবে আলোচনায় এসেছে। তাদের মধ্যে রয়েছেন পিয়া সেনগুপ্ত, জিৎু কমল, অনিন্দ্য চট্টোপাধ্যায়, সায়ক চক্রবর্তী, তিথি বসু, ঊষসী চক্রবর্তী, যশ দাশগুপ্ত ও নুসরাত জাহান। তবে শেষ পর্যন্ত কারা অনুষ্ঠানে অংশ নেবেন, তা জানতে অপেক্ষা করতে হবে আনুষ্ঠানিক ঘোষণার জন্য।

এর আগে বাংলায় ‘বিগ বস’-এর প্রথম সিজন প্রচারিত হয়েছিল ২০১৩ সালে ইটিভি বাংলায়। সে সময় অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী এবং বিজয়ী হয়েছিলেন গায়ক অনীক ধর।

এরপর ২০১৬ সালে কালার্স বাংলায় দ্বিতীয় সিজন সম্প্রচারিত হয়। সেই মৌসুমের উপস্থাপক ছিলেন অভিনেতা জিৎ। দ্বিতীয় সিজনের বিজয়ী হয়েছিলেন অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়।

দীর্ঘ বিরতির পর ‘বিগ বস বাংলা’র প্রত্যাবর্তন নিয়ে দর্শকদের পাশাপাশি সৌরভের পরিবারেও দেখা দিয়েছে আগ্রহ। সৌরভের স্ত্রী ডোনা গাঙ্গুলি তাকে নতুন দায়িত্বের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। তিনি নিজে নিয়মিত বিগ বস না দেখলেও বাংলায় অনুষ্ঠানটি কীভাবে নতুন আঙ্গিকে উপস্থাপন করা হয়, তা দেখার জন্য আগ্রহী বলে জানিয়েছেন।

পরিবারের আরেক সদস্য, সৌরভের মেয়ে সানাও বাবাকে অনুষ্ঠান নিয়ে নানা পরামর্শ দিচ্ছেন বলে জানা গেছে। ফলে ক্রিকেটের মাঠের ‘দাদা’ এবার টেলিভিশনের ‘বিগ বস’-এর দুর্গ কতটা সফলভাবে সামলাতে পারেন, সেটিই এখন দেখার অপেক্ষা।

Share.
Leave A Reply

Exit mobile version