ইয়েমেনের সরকারি বাহিনী ও হুথি বিদ্রোহীদের মধ্যে সংঘাত আরও তীব্র হয়েছে। সামরিক স্থাপনায় হুথিদের সাম্প্রতিক হামলার প্রতিক্রিয়ায় তাদের অবস্থান লক্ষ্য করে পাল্টা অভিযান শুরু করেছে ইয়েমেনের সেনাবাহিনী।

শনিবার মিডল ইস্ট আই-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশের বিভিন্ন ফ্রন্ট ও গুরুত্বপূর্ণ এলাকায় একযোগে এই সামরিক তৎপরতা চালানো হচ্ছে। ইয়েমেনি সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল মাজেদ আল-নুজাইলি এক বিবৃতিতে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, গত বৃহস্পতিবার হুথিদের চালানো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১৭ জন সেনাসদস্য নিহত হন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হওয়ার পরই পাল্টা অভিযান শুরু করার সিদ্ধান্ত নেয় সরকারি বাহিনী।

সেনা মুখপাত্র হুথিদের বিরুদ্ধে ইয়েমেনের অভ্যন্তরীণ পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করার অভিযোগ তুলেছেন। তার দাবি, গোষ্ঠীটি বিদেশি স্বার্থ বাস্তবায়নের মাধ্যমে দেশকে আঞ্চলিক সংঘাতে জড়িয়ে ফেলছে। একই সঙ্গে অর্থনীতি দুর্বল করা এবং সাম্প্রদায়িক বিভাজন বাড়ানোরও অভিযোগ করা হয়েছে।

তিনি সতর্ক করে বলেছেন, সংঘাত আরও বাড়লে এর দায় হুথি ও তাদের সহযোগীদের নিতে হবে। সরকারি বাহিনীর ওপর হামলা অব্যাহত থাকলে ভবিষ্যতে আরও কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

এদিকে ইয়েমেনি সেনাবাহিনীর এই অভিযানের বিষয়ে হুথিদের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে জুলাইয়ের শুরু থেকেই সরকারি বাহিনী ও হুথিদের মধ্যে বিভিন্ন এলাকায় নতুন করে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে।

ফলে দীর্ঘদিনের গৃহযুদ্ধের পরিস্থিতির মধ্যে ইয়েমেনে সামরিক উত্তেজনা আবারও বাড়ছে। সংঘাত আরও বিস্তৃত হলে দেশটির নিরাপত্তা পরিস্থিতি ও মানবিক সংকট নতুন করে জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Share.
Leave A Reply

Exit mobile version