ভারতে নিট (NEET) পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে ঘিরে চলমান আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি এবং অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। তারা শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদিহি এবং ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

গত ২০ জুন থেকে নয়াদিল্লির যন্তর মন্তরে শিক্ষার্থী ও তাদের সমর্থকেরা বিক্ষোভ চালিয়ে আসছেন। আন্দোলনকারীদের দাবির মধ্যে রয়েছে পরীক্ষায় অনিয়মের দায় নির্ধারণ, শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের জন্য ন্যায়সঙ্গত সমাধান।

বৃহস্পতিবার নিজের ইনস্টাগ্রাম পোস্টে নোরা ফাতেহি শিক্ষার্থী ও তাদের পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। তিনি বলেন, শিক্ষা কেবল নম্বর অর্জনের বিষয় নয়; এর সঙ্গে জড়িয়ে থাকে দীর্ঘ পরিশ্রম, ত্যাগ ও অসংখ্য পরিবারের স্বপ্ন। তাই প্রতিটি শিক্ষার্থী একটি সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য পরীক্ষাব্যবস্থার অধিকারী।

তিনি আরও উল্লেখ করেন, পরীক্ষা-সংক্রান্ত অনিয়মের কারণে কোনো শিক্ষার্থীর জীবন ঝুঁকিতে পড়া বা পরিবারকে এমন মর্মান্তিক পরিস্থিতির মুখোমুখি হওয়া উচিত নয়। প্রশ্নফাঁসের ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়ে আন্দোলনকারীদের ধৈর্য ও সাহসেরও প্রশংসা করেন তিনি।

অন্যদিকে অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীও সামাজিক মাধ্যমে শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানান। তিনি শান্তিপূর্ণ আন্দোলনকারীদের সঙ্গে সংলাপ ও সহমর্মিতার আহ্বান জানিয়ে বলেন, গণতান্ত্রিক সমাজে মত প্রকাশের অধিকারকে সম্মান করা প্রয়োজন এবং তরুণদের ভবিষ্যৎ রক্ষায় ইতিবাচক পদক্ষেপ নেওয়া উচিত।

এর আগে আলিয়া ভাটও শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়েছিলেন। পাশাপাশি প্রীতি জিনতা, সালমান খান, আর. মাধবন, নাসিরুদ্দিন শাহ, শাবানা আজমি, প্রকাশ রাজ, দুলকার সালমান, সোনাক্ষী সিনহা, রিচা চাড্ডা, স্বরা ভাস্কর, হুমা কুরেশি, টোভিনো থমাস ও অনুরাগ কাশ্যপসহ আরও অনেক ভারতীয় তারকা এই ইস্যুতে শিক্ষার্থীদের পাশে থাকার বার্তা দিয়েছেন।

Share.
Leave A Reply

Exit mobile version