
সম্ভাব্য মার্কিন স্থল অভিযান মোকাবিলায় ইরান সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি। একই সঙ্গে দক্ষিণ ইরানের কৌশলগত খার্গ দ্বীপ দখলের যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে কঠোর পরিণতির হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।
সোমবার (২০ জুলাই) তেহরানে এক সংবাদ সম্মেলনে ইসমাইল বাঘায়ি বলেন, ইরানের নেতৃত্বের মধ্যে এমন ব্যক্তিরা রয়েছেন, যারা সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের জন্য প্রস্তুত এবং মার্কিন সেনাদের মোকাবিলার অপেক্ষায় আছেন।
আল জাজিরার বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বাঘায়ি সতর্ক করে বলেন, খার্গ দ্বীপ দখলের মতো যেকোনো পদক্ষেপের পরিণতি যুক্তরাষ্ট্রকে ভোগ করতে হবে।
যুদ্ধ ও কূটনীতি—দুটিই ইরানের কৌশল
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সম্ভাবনা সম্পর্কে প্রশ্নের জবাবে ইরানি মুখপাত্র বলেন, তেহরান যুদ্ধ ও কূটনীতি—উভয়কেই জাতীয় স্বার্থ রক্ষার বৈধ উপায় হিসেবে বিবেচনা করে।
তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া অন্তর্বর্তী সমঝোতা স্মারকের ভাষা স্পষ্ট এবং এতে ১৪টি ধারা রয়েছে। হরমুজ প্রণালির ভবিষ্যৎ ব্যবস্থাপনার দায়িত্ব ইরানের—এ অবস্থান শুরু থেকেই অপরিবর্তিত রয়েছে বলে জানান তিনি। পাশাপাশি ওমান এবং আঞ্চলিক দেশগুলোর সঙ্গে পরামর্শের ভিত্তিতে বিষয়টি এগিয়ে নেওয়ার কথাও উল্লেখ করেন।
মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা পেয়েছে তেহরান
ইসমাইল বাঘায়ি জানান, চলমান উত্তেজনার মধ্যেও বিভিন্ন মধ্যস্থতাকারীর মাধ্যমে যুক্তরাষ্ট্রের বার্তা ইরানের কাছে পৌঁছেছে। যদিও এ বিষয়ে বিস্তারিত প্রকাশ করেননি তিনি, তবে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানান।
প্রতিবেশী দেশগুলোর প্রতি আহ্বান
সাম্প্রতিক উত্তেজনার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করে ইরানি মুখপাত্র বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইরানের কোনো বৈরিতা নেই। তবে তাদের ভূখণ্ড ব্যবহার করে ইরানের বিরুদ্ধে হামলার সুযোগ না দেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, যতদিন ইরানের বিরুদ্ধে হামলা চলবে, ততদিন দেশটির সশস্ত্র বাহিনীও পাল্টা জবাব দিতে থাকবে।
সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন, আল জাজিরা
