কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে আন্তর্জাতিক প্রভাব বাড়ানোর লক্ষ্যে নতুন একটি বহুজাতিক জোট গঠনের উদ্যোগ নিয়েছে চীন। সাংহাইয়ে অনুষ্ঠিত বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলনে (WAIC) চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, এআই প্রযুক্তি কোনো একটি দেশের নিয়ন্ত্রণে সীমাবদ্ধ থাকা উচিত নয়; বরং এটি আন্তর্জাতিক সহযোগিতা ও যৌথ উন্নয়নের ভিত্তিতে এগিয়ে নেওয়া প্রয়োজন।
তিনি বক্তব্যে পরোক্ষভাবে যুক্তরাষ্ট্রের প্রযুক্তিনীতির সমালোচনা করে বলেন, জাতীয় নিরাপত্তার অজুহাতে অন্য দেশের প্রযুক্তিগত অগ্রগতি বাধাগ্রস্ত করা বৈশ্বিক উদ্ভাবনের জন্য ইতিবাচক নয়।
সম্মেলনের অংশ হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোঅপারেশন অর্গানাইজেশন (WAICO)। ২৯টি দেশের অংশগ্রহণে গঠিত এই সংস্থার সদর দপ্তর সাংহাইয়ে স্থাপন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসও উপস্থিত ছিলেন।
জোটটিতে ইন্দোনেশিয়া, ব্রাজিল, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা, সেনেগাল, রাশিয়া ও পাকিস্তানসহ গ্লোবাল সাউথের বিভিন্ন দেশ যুক্ত হয়েছে। পর্যবেক্ষকদের মতে, এআই-সংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও শাসনব্যবস্থায় নিজেদের ভূমিকা জোরদার করাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।
বর্তমানে উন্নত চিপ প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে প্রতিযোগিতা তীব্র আকার ধারণ করেছে। জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে ওয়াশিংটন চীনের কাছে উন্নত সেমিকন্ডাক্টর রপ্তানিতে বিধিনিষেধ আরোপ করেছে। এর জবাবে চীনও চিপ উৎপাদনে প্রয়োজনীয় কিছু গুরুত্বপূর্ণ বিরল খনিজ রপ্তানিতে নিয়ন্ত্রণ আরোপ করেছে।
বিশেষজ্ঞদের মতে, উন্নত চিপ উৎপাদনে চীন এখনও কিছু ক্ষেত্রে পিছিয়ে থাকলেও বৃহৎ ডাটা সেন্টার, বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা এবং প্রয়োজনীয় খনিজ সম্পদের কারণে দেশটি দীর্ঘমেয়াদে এআই খাতে শক্তিশালী অবস্থান গড়ে তুলতে পারে।
কার্নেগি এনডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের বিশেষজ্ঞ অরিন্দ্রজিৎ বসুর মতে, বৈশ্বিক এআই ও সাইবার নীতিনির্ধারণে নেতৃত্বের সুযোগ কাজে লাগিয়ে চীন আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের প্রভাব আরও বিস্তৃত করার চেষ্টা করছে।
বিশ্লেষকদের ধারণা, উন্নয়নশীল দেশগুলোর সমর্থন নিয়ে গড়ে ওঠা এই নতুন এআই জোট ভবিষ্যতে বৈশ্বিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এবং যুক্তরাষ্ট্র-চীন প্রযুক্তি প্রতিযোগিতায় নতুন মাত্রা যোগ করতে পারে।

