চট্টগ্রামের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। সফরকালে তারা দুর্গত মানুষের সঙ্গে কথা বলেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করেন।
মঙ্গলবার (১৪ জুলাই) তারা আনোয়ারা উপজেলার তৈলারদীপ বাজার সংলগ্ন এলাকা, বাঁশখালীর ইলিশা এবং সাতকানিয়ার পাঠানের পুল এলাকা ঘুরে বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পরে বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় নৌকাযোগে কেউচিয়াসহ প্লাবিত কয়েকটি এলাকায় পৌঁছে স্থানীয় বাসিন্দাদের খোঁজখবর নেন।
পরিদর্শন শেষে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ও অসহায় ১ হাজার ৫০০টি পরিবারের মধ্যে খাদ্যসামগ্রীসহ প্রয়োজনীয় ত্রাণ বিতরণ করা হয়। প্রশাসনের সহায়তায় এ কার্যক্রম সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, বন্যাকবলিত মানুষের দুর্ভোগ কমাতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে এবং ক্ষতিগ্রস্তদের পাশে থাকার চেষ্টা অব্যাহত রয়েছে। তিনি আশ্বাস দেন, পানি নেমে যাওয়ার পর পুনর্বাসন কার্যক্রম দ্রুত শুরু করা হবে, যাতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো স্বাভাবিক জীবনে ফিরতে পারে।
এ সময় তিনি মাঠ প্রশাসনের কর্মকর্তাদের বৈষম্যহীনভাবে ত্রাণ বিতরণ নিশ্চিত করার নির্দেশনা দেন। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি পুনর্নির্মাণ ও পুনর্বাসন কার্যক্রম দ্রুত বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন।

