যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ক্ষতিগ্রস্ত হওয়া উত্তর ইরানের গোলেস্তান প্রদেশের আক্কালা এলাকার একটি গুরুত্বপূর্ণ রেল সেতু মাত্র এক দিনের মধ্যেই মেরামত করে পুনরায় ট্রেন চলাচলের জন্য খুলে দিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের বরাত দিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

গোলেস্তানের গভর্নর আলী-আসগর তাহমাসবি বলেন, এত অল্প সময়ে সেতুটি পুনরায় সচল করা দেশের সক্ষমতার প্রমাণ এবং শত্রুপক্ষের হামলার জবাব হিসেবে একটি দৃঢ় বার্তা। তার ভাষায়, অবকাঠামো দ্রুত পুনরুদ্ধারের মাধ্যমে প্রদেশটি সংকট মোকাবিলায় নিজেদের প্রস্তুতি ও সক্ষমতা দেখিয়েছে।

ইরানের সরকারি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গত বুধবার ভোরে আক্কালা সংলগ্ন এই রেল সেতুতে হামলা চালানো হয়। এতে গরগান–ইঞ্চে বোরুন রেলপথের একটি গুরুত্বপূর্ণ অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং সাময়িকভাবে রেল যোগাযোগ ব্যাহত হয়।

এই রেললাইনটি ইরানের উত্তরাঞ্চলকে তুর্কমেনিস্তান এবং মধ্য এশিয়ার বিস্তৃত রেল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করে। ফলে এটি দেশটির বাণিজ্য ও আঞ্চলিক যোগাযোগের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত রুট হিসেবে বিবেচিত হয়।

Share.
Leave A Reply

Exit mobile version