বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে দেওয়া এক বার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি নাগরিকের জীবনমান উন্নয়ন এবং সুস্থ, শিক্ষিত, দক্ষ ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান লক্ষ্য।
তিনি বলেন, জনমিতিক সম্ভাবনাকে কাজে লাগিয়ে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকার মানবসম্পদ উন্নয়ন, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, পরিবার পরিকল্পনা কার্যক্রম জোরদার এবং নারী ও তরুণদের ক্ষমতায়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।
প্রধানমন্ত্রী জানান, দেশের উন্নয়নকে আরও গতিশীল করতে তরুণ জনগোষ্ঠীর দক্ষতা বৃদ্ধি, মানসম্মত শিক্ষা, কর্মসংস্থান এবং আধুনিক স্বাস্থ্যসেবার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। তার মতে, প্রযুক্তিনির্ভর ও জ্ঞানভিত্তিক অর্থনীতিতে তরুণরাই হবে বাংলাদেশের অগ্রগতির প্রধান চালিকাশক্তি।
এ বছরের বিশ্ব জনসংখ্যা দিবসের প্রতিপাদ্য— ‘তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’—জাতীয় উন্নয়ন পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উল্লেখ করে তিনি নবীন প্রজন্মকে উন্নয়ন কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান।
বার্তায় প্রধানমন্ত্রী আরও বলেন, ভবিষ্যতের বাংলাদেশ গড়ে তুলতে এমন পরিবেশ নিশ্চিত করতে হবে, যেখানে তরুণ-তরুণীরা মানসম্মত শিক্ষা, দক্ষতা উন্নয়ন, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের সুযোগ পাবে এবং নিজেদের সামর্থ্য ও মূল্যবোধের ভিত্তিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ পারিবারিক জীবন গড়ে তুলতে সক্ষম হবে।
তিনি উল্লেখ করেন, একটি শক্তিশালী জাতি গঠনের জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা জরুরি। এ লক্ষ্য বাস্তবায়নে পরিবার পরিকল্পনা কার্যক্রম আরও কার্যকর করা, প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং দক্ষ মানবসম্পদ তৈরিতে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে।
প্রধানমন্ত্রী বাল্যবিবাহ, কিশোরী মাতৃত্ব ও অপুষ্টিকে দেশের উন্নয়নের বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন। এসব সমস্যা মোকাবিলায় সরকার সচেতনতা বৃদ্ধি, পুষ্টি উন্নয়ন, জীবনদক্ষতাভিত্তিক শিক্ষা এবং কিশোর-কিশোরীদের জন্য প্রজনন স্বাস্থ্যসেবা সম্প্রসারণে সমন্বিত উদ্যোগ বাস্তবায়ন করছে বলেও জানান।
বার্তার শেষাংশে তিনি আশা প্রকাশ করেন, সমান সুযোগ ও প্রয়োজনীয় সহায়তা পেলে দেশের তরুণ প্রজন্মই ভবিষ্যতে একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গঠনে নেতৃত্ব দেবে। পাশাপাশি বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আয়োজিত সব কর্মসূচির সফলতা কামনা করেন প্রধানমন্ত্রী।

