ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফনের পর ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আহমাদ ওয়াহিদি হত্যাকাণ্ডের জন্য দায়ীদের বিচারের মুখোমুখি করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এ ঘটনার প্রতিক্রিয়া ও ন্যায়বিচারের দাবি ইরানের কাছে দীর্ঘমেয়াদি একটি বিষয় হয়ে থাকবে।
শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে ওয়াহিদি দাবি করেন, খামেনিকে হত্যার মাধ্যমে প্রতিরোধ আন্দোলনের আদর্শ বা অবস্থান দুর্বল করা সম্ভব হবে না। তার ভাষ্য অনুযায়ী, সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনার দাবি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আইআরজিসি প্রধান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে কঠোর সমালোচনাও করেন। তিনি তাদের কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে বলেন, নিহতদের রক্তের বিচার নিশ্চিত করাকে তারা ন্যায়সঙ্গত দাবি হিসেবে বিবেচনা করছেন।
ওয়াহিদির বক্তব্যে আরও বলা হয়, খামেনির মৃত্যু ইরানের রাজনৈতিক ও আদর্শিক অবস্থানকে পরিবর্তন করতে পারবে না এবং প্রতিরোধের নীতি আগের মতোই অব্যাহত থাকবে।
উল্লেখ্য, মার্কিন ও ইসরায়েলি বিমান হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি এবং তার পরিবারের কয়েকজন সদস্য নিহত হওয়ার কয়েক মাস পর তার নিজ শহর মাশহাদে দাফন সম্পন্ন হয়। দাফন অনুষ্ঠানের পরপরই আইআরজিসি প্রধান এই প্রতিক্রিয়া জানান।
