চট্টগ্রাম অঞ্চলে চলমান বন্যা ও দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় সরকার একাধিক জরুরি পদক্ষেপ বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন। শুক্রবার দেওয়া এক বক্তব্যে তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যক্তিগতভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন।
তার দেওয়া তথ্য অনুযায়ী, সরকারের নেওয়া প্রধান উদ্যোগগুলো হলো—
১. প্রধানমন্ত্রী সার্বক্ষণিক বন্যা পরিস্থিতির খোঁজ রাখছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নিয়মিত যোগাযোগ করে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
২. চট্টগ্রাম বিভাগের ক্ষতিগ্রস্ত এলাকায় এক হাজারের বেশি আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে, যেখানে হাজারো দুর্গত মানুষ আশ্রয় নিয়েছেন।
৩. চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সরকারি ত্রাণ কর্মসূচির আওতায় নগদ অর্থ ও বিপুল পরিমাণ খাদ্যশস্য বরাদ্দ দেওয়া হয়েছে।
৪. দুর্গত এলাকায় নিরাপদ খাবার পানি, স্যানিটেশন, চিকিৎসাসেবা, শিশুখাদ্য এবং নিয়মিত খাবার সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ করছে।
৫. উদ্ধার কার্যক্রম জোরদারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি প্রয়োজন অনুযায়ী সেনাবাহিনীও মোতায়েন করা হয়েছে।
৬. স্থানীয় সংসদ সদস্য ও জনপ্রতিনিধিরা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করছেন এবং ত্রাণ বিতরণসহ দুর্গত মানুষের পাশে অবস্থান করছেন।
৭. প্রশাসন, বিভিন্ন মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, কোস্টগার্ড এবং সরকারের পাশাপাশি ক্ষমতাসীন দল বিএনপির নেতাকর্মীদেরও বন্যাদুর্গত মানুষের সহায়তায় মাঠে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
৮. বন্যা ও ভূমিধসের কারণে ক্ষতিগ্রস্ত এলাকায় এইচএসসি ও সমমানের পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
৯. হতাহত ও ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নিতে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা সরেজমিনে পরিদর্শন করছেন এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার উদ্যোগ নিচ্ছেন।
১০. ভবিষ্যতে জলাবদ্ধতা কমাতে চট্টগ্রাম–দোহাজারী রেলপথ উঁচু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। একই সঙ্গে পাহাড়ধসের ঝুঁকিতে থাকা বাসিন্দাদের নিরাপদ স্থানে পুনর্বাসনের উদ্যোগও গ্রহণ করা হয়েছে।
এদিকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানও দলের সব পর্যায়ের নেতাকর্মীদের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন এবং ক্ষতিগ্রস্তদের সর্বোচ্চ সহায়তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

