মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারের কূটনৈতিক প্রচেষ্টায় কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, এ বিষয়ে ভারতের সঙ্গে প্রয়োজনীয় কূটনৈতিক যোগাযোগ ও আনুষ্ঠানিক প্রক্রিয়া নিয়মিতভাবে চালিয়ে যাচ্ছে বাংলাদেশ।
প্রতিমন্ত্রী জানান, শেখ হাসিনার সাম্প্রতিক বিভিন্ন ভার্চুয়াল বক্তব্য বা আন্তর্জাতিক গণমাধ্যমে দেওয়া রাজনৈতিক মন্তব্য সরকারের অবস্থানকে প্রভাবিত করছে না। তার ভাষ্য অনুযায়ী, দণ্ডিত কোনো ব্যক্তির রাজনৈতিক বক্তব্য সরকারের নীতিনির্ধারণে বিবেচ্য বিষয় নয়।
তিনি আরও বলেন, বিদ্যমান বন্দি বিনিময়-সংক্রান্ত চুক্তির আওতায় প্রয়োজনীয় কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং সরকার এ বিষয়ে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।
এ সময় বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গার পানি বণ্টন চুক্তি নিয়েও কথা বলেন শামা ওবায়েদ। তিনি জানান, এ বিষয়ে দুই দেশের মধ্যে নিয়মিত কূটনৈতিক সংলাপ অব্যাহত রয়েছে এবং আলোচনার মাধ্যমে অগ্রগতি অর্জনের চেষ্টা চলছে।

