বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের মুখোমুখি হওয়ার আগে বড় দুশ্চিন্তায় পড়েছে মরক্কো। দলের অন্যতম গুরুত্বপূর্ণ মিডফিল্ডার ইসমাইল সাইবারি চোটের কারণে এই গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারছেন না।

আজ রাত ২টায় বোস্টনের মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচের আগে সংবাদ সম্মেলনে মরক্কোর প্রধান কোচ মোহাম্মদ ওহাবি জানান, উরুর চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় সাইবারিকে দলে রাখা সম্ভব হয়নি।

কোচের ভাষ্য, সাইবারি ছাড়া বাকি সব ফুটবলার ম্যাচের জন্য প্রস্তুত। তিনি আশা প্রকাশ করেন, মরক্কো পরবর্তী ধাপে উঠতে পারলে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে এই তারকা আবারও দলে ফিরতে পারবেন।

চলতি বিশ্বকাপে সাইবারি ছিলেন মরক্কোর অন্যতম সেরা পারফর্মার। গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচেই গোল করে নজর কাড়েন তিনি। এছাড়া নকআউট পর্বে নেদারল্যান্ডসের বিপক্ষে টাইব্রেকারে জয়সূচক পেনাল্টিও নেন সফলভাবে। তবে কানাডার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন।

তার অনুপস্থিতিতে প্রথম একাদশে কে সুযোগ পাবেন, সে বিষয়ে এখনো কিছু জানাননি কোচ। তবে তিনি ইঙ্গিত দিয়েছেন, ফ্রান্সের বিপক্ষে বিশেষ কৌশল নিয়ে মাঠে নামবে মরক্কো।

২০২২ বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সের কাছে হারের স্মৃতি এখনও তাজা থাকলেও অতীত নিয়ে ভাবতে চান না ওহাবি। তার মতে, বর্তমান ম্যাচই সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর দলের একমাত্র লক্ষ্য জয় নিশ্চিত করে শিরোপার লড়াইয়ে টিকে থাকা।

তিনি আরও বলেন, কাগজে-কলমে ফ্রান্স এগিয়ে থাকলেও মাঠের খেলাই শেষ কথা। নিজেদের সামর্থ্যের সর্বোচ্চটা দিয়ে প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত মরক্কো।

Share.
Leave A Reply

Exit mobile version