২০২৬ ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে বেলজিয়ামের বিপক্ষে ম্যাচের আগে যুক্তরাষ্ট্র জাতীয় ফুটবল দলের দুই শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে ফিফা। সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে দলের ম্যানেজার স্যাম জাপাটকা এবং ইউএস সকার ফেডারেশনের নিরাপত্তাবিষয়ক সহসভাপতি ফ্র্যাঙ্ক প্যানেলকে।
ফিফার শৃঙ্খলাবিষয়ক তালিকায় তাদের নাম প্রকাশিত হওয়ার পর বিষয়টি সামনে আসে। তবে সংস্থাটি এখনও আনুষ্ঠানিকভাবে জানায়নি, ঠিক কোন কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আন্তর্জাতিক কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ম্যাচের পর ফিফার নির্ধারিত ম্যাচ প্রোটোকল ভঙ্গ এবং অনুমতি ছাড়া সীমাবদ্ধ এলাকায় প্রবেশের অভিযোগে এই ব্যবস্থা নেওয়া হয়ে থাকতে পারে।
এ ঘটনায় যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগুনকে ঘিরে তৈরি হওয়া বিতর্কের প্রসঙ্গও উঠে এসেছে। আগের ম্যাচে লাল কার্ড পাওয়ার পরও তাকে সতীর্থদের সঙ্গে উদযাপনে দেখা যায়, যা ফিফার নিয়মের পরিপন্থী বলে বিবেচিত হয়। তবে ইউএস সকার ফেডারেশন জানিয়েছে, দুই কর্মকর্তার সাময়িক বরখাস্তের সঙ্গে বালোগুনের শাস্তি বা বেলজিয়ামের বিপক্ষে তার খেলার কোনো সম্পর্ক নেই।
ইউএস সকার বিষয়টির সত্যতা নিশ্চিত করলেও বিস্তারিত মন্তব্য থেকে বিরত থেকেছে। তাদের ভাষ্য, এটি সম্পূর্ণভাবে ফিফার প্রশাসনিক ও শৃঙ্খলাবিষয়ক সিদ্ধান্ত। একইভাবে ফিফাও এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা প্রকাশ করেনি।
স্যাম জাপাটকা ২০১৫ সাল থেকে ইউএস সকারের সঙ্গে কাজ করছেন এবং ২০২০ সাল থেকে জাতীয় দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন। অন্যদিকে ফ্র্যাঙ্ক প্যানেল দলের নিরাপত্তা ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন। অতীতে তিনি যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস ও সিআইএসহ বিভিন্ন সরকারি সংস্থায় দায়িত্ব পালন করেছেন।
এদিকে বেলজিয়ামের কাছে ৪-১ ব্যবধানে হেরে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ অভিযান শেষ হয়েছে। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দুই কর্মকর্তার অনুপস্থিতি দেশটির ফুটবল মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেক সমর্থক ও বিশ্লেষক ফিফার সিদ্ধান্তের স্বচ্ছতা এবং নিয়ম প্রয়োগের ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন।
