আফগানিস্তান জাতীয় ক্রিকেট দলের সাবেক বাঁহাতি ফাস্ট বোলার শাপুর জাদরান আর নেই। দীর্ঘদিন জটিল অসুস্থতার সঙ্গে লড়াইয়ের পর মঙ্গলবার ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ৩৯তম জন্মদিনের আগের দিনই তার মৃত্যু হলো।
পরিবার ও সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, তিনি দীর্ঘ সময় ধরে হেমোফ্যাগোসাইটিক লিম্ফোহিস্টিওসাইটোসিস (এইচএলএইচ) নামে বিরল এক রোগে আক্রান্ত ছিলেন। গত বছরের অক্টোবর থেকে তার শারীরিক অবস্থা অবনতির দিকে যেতে শুরু করলে উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতে নেওয়া হয়। দিল্লির একটি হাসপাতালে কয়েক মাস ধরে তার চিকিৎসা চলছিল।
চিকিৎসার একপর্যায়ে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছিল। তবে অল্প সময়ের মধ্যেই আবার অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর নিবিড় চিকিৎসা ও পর্যবেক্ষণে থাকলেও শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।
শাপুর জাদরানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। এক শোকবার্তায় সংস্থাটি তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আফগান ক্রিকেটে তার অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছে।
আফগানিস্তানের আন্তর্জাতিক ক্রিকেটে উত্থানের শুরুর দিকের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার ছিলেন শাপুর জাদরান। ওয়ানডে ও টি-টোয়েন্টি—উভয় সংস্করণেই তিনি জাতীয় দলের হয়ে খেলেছেন। বাঁহাতি এই পেসার তার গতিময় ও আক্রমণাত্মক বোলিংয়ের জন্য ক্রিকেটপ্রেমীদের কাছে পরিচিত ছিলেন।
আফগানিস্তানকে বিশ্ব ক্রিকেটে প্রতিষ্ঠিত করার যে প্রজন্মটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল, শাপুর জাদরান ছিলেন তাদের অন্যতম সদস্য। তার অবদানে দলটি আইসিসির বড় টুর্নামেন্টগুলোতে জায়গা করে নেয় এবং আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়।

